দেশ রূপান্তরে সংবাদ প্রকাশ

দুর্নীতির প্রমাণ টিটিসির সেই অধ্যক্ষ বরখাস্ত

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ০১:২৭ এএম

অবশেষে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী আইনুল হককে সাময়িক বরখাস্ত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। গত ৫ সেপ্টেম্বর দেশ রূপান্তরের প্রথম পাতায় অধ্যক্ষ আইনুল হকের অনিয়ম, দুর্নীতি নিয়ে ‘অধ্যক্ষ আইনুল হকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

গত বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দিনাজপুরের অধ্যক্ষ প্রকৌশলী মো. আইনুল হকের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ প্রাথমিকভাবে তদন্তে প্রমাণিত হয়েছে।

সম্প্রতি তার বিরুদ্ধে বঙ্গবন্ধুর ম্যুরাল ও কর্নার নির্মাণের অর্থে বাথরুম নির্মাণসহ নানান অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার ৩৩টি অভিযোগ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মহাপরিচালক বরাবর টিটিসির কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা দায়ের করেন। অভিযোগ দায়েরের পর মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারওয়ার আলমের নেতৃত্বে একটি তদন্ত দল দিনাজপুরে এসে তদন্ত কাজ সম্পন্ন করে। তদন্ত দল অধ্যক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পায়।

গত ৫ সেপ্টেম্বর দৈনিক দেশ রূপান্তরে এ সংক্রান্ত প্রতিবেদনটি প্রকাশের পর নড়েচড়ে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাতে উল্লেখ করা হয়, দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের একাডেমিক ভবনের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন, অ্যাকাডেমিক ভবনে বঙ্গবন্ধু কর্নারের আধুনিকায়নসহ বিভিন্ন কাজে বরাদ্দ পাওয়া অর্থ দিয়ে নির্মিত হয়েছে বাথরুম, ইলেকট্রিক্যাল সাব-স্টেশন সংস্কারসহ অন্যান্য কাজ। শুধু তাই নয়, ভুয়া বিল তৈরি, সভায় অনুপস্থিত এমন ব্যক্তিকে উপস্থিত দেখানো, ব্যক্তিগত প্রয়োজনে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের টাকা ব্যয় এবং সেমিনার না করেই টাকা উত্তোলনসহ বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী আইনুল হকের বিরুদ্ধে। এছাড়াও সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা লঙ্ঘন করে অধ্যক্ষ আইনুল হকের মালিকানাধীন নর্থ বেঙ্গল ইসলামিক ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এনআইআইএসটি) (কারিগরি শিক্ষা বোর্ডের কোড নং-১৫০৯৬) নামে প্রতিষ্ঠান রয়েছে যার লালমনিরহাট জেলার সদর ও আদিতমারী উপজেলায় দুটি ক্যাম্পাস রয়েছে। ওই প্রতিষ্ঠানটিতে তার স্ত্রী আবেদা সুলতানা পরিচালক আর অধ্যক্ষ প্রকৌশলী আইনুল হক উপদেষ্টা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত