জার্মান ক্লাব লাইপজিগকে হারিয়ে চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করেছে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার শিষ্যরা ঘরের মাঠ ইতিহাদে জিতেছে ৬-৩ গোলে।
গোলবন্যার ম্যাচটিতে ১৬তম মিনিটে নাথান আকের গোলে শুরুতে এগিয়ে যায় সিটিজেনরা। রোমাঞ্চকর ম্যাচে দলের বড় জয় এবং চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম গোল পেলেও উদযাপন করতে পারলেন না ইতিহাদের ডাচ ডিফেন্ডার।
ম্যাচ শেষে বাবার মৃত্যু সংবাদ পান আকে। ২৬ বছর বয়সী ডিফেন্ডারের গোলের একটু পর মৃত্যুর কোলে ঢলে পড়েন তার বাবা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে এমনটাই জানান আকে। সতীর্থদের সঙ্গে নিজের গোল উদ্যাপনের এক ছবি পোস্ট করে তিনি জানান, তার বাবা মইস শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
আকে লেখেন, ‘আমি জানি, আপনি সব সময় আমার সঙ্গে আছেন। আপনি সব সময় আমার হৃদয়ে থাকবেন এবং এটি (গোল) ছিল আপনার জন্য বাবা।’
তিনি আরও লেখেন, ‘গত কয়েক সপ্তাহ আমার জীবনের জন্য ছিল কঠিন সময়। আমার বাবা খুবই অসুস্থ ছিলেন এবং সেখানে চিকিৎসা সম্ভব ছিল না। আমি ভাগ্যবান, কারণ ওই সময় আমার বাগ্দত্তা, পরিবার ও বন্ধুদের কাছ থেকে অনেক সাহায্য পেয়েছি।’
ইনস্টাগ্রাম পোস্টে আকে আরও লেখেন, ‘গতকাল অনেক কঠিন সময়ের পর আমি চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম গোলটি করেছি। এর কয়েক মিনিট পরই আমার মা ও ভাই পাশে থাকা অবস্থায় তিনি (বাবা) শান্তিতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। হয়তো তিনি এটা বোঝাতে চেয়েছিলেন, আমার খেলা দেখতে তিনি সব সময় পছন্দ করতেন।’
চেলসির হয়ে ক্যারিয়ার শুরু করেন আকে। গত বছরের গ্রীষ্মে বোর্নমাউথ ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন তিনি। সিটির হয়ে এখন পর্যন্ত ১৬ ম্যাচ খেলেছেন এই ডাচ ডিফেন্ডার।
২০১৭ সালে নেদারল্যান্ডসের জার্সিতে অভিষেক হয় আকের। ডাচদের হয়ে ২২ ম্যাচ খেলেছেন তিনি।
