আলোচনার টেবিলে সালাউদ্দিন-ব্রুজন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১০:২৮ পিএম

জেমি ডে’কে দু’মাসের নির্বাসনে পাঠিয়ে বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনকে জাতীয় দলের দায়িত্ব দেওয়ার কথা এক দিন আগে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দুয়ারে কড়া নাড়া সাফ চ্যাম্পিয়নশিপ চ্যালেঞ্জ দিয়ে শুরু হবে ব্রুজনের জাতীয় দল মিশন। অথচ এখনো তার কিংস মিশনই শেষ হয়নি। তাই তো মুখে কুলুপ এঁটে বসে আছেন এই কোচ। এর মধ্যেই গতকাল বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বাসায় বৈঠক করেছেন ব্রুজন। এক সভাতেই সবকিছু ঠিক হবে না, এটা স্বাভাবিক। তাই ব্রুজনের সঙ্গে যোগাযোগ করতেই সময় চাইলেন আর ক’টা দিন। তবে ভেতরের যে খবর, তাতে জানা গেছে এর মধ্যেই জাতীয় দল নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন ব্রুজন। সাফের দল কেমন হবে সেটাই এখন তার প্রথম চ্যালেঞ্জ। গতকাল ছিল সাফের কাছে প্রাথমিক তালিকা জমা দেওয়ার শেষ দিন। বাংলাদেশ সাফের কাছ থেকে এক দিন সময় বাড়িয়েছে নতুন কোচের অনুরোধে। আজ কোচ দেবেন তার প্রাথমিক দল।

দু’মাসের ছুটিতে পাঠানো জেমি ডে ৩৪ সদস্যের একটা দল চূড়ান্ত করেছিলেন। সেই দল আর ব্রুজনের দল এক হবে না, বোঝাই যায়। কিছু পরিবর্তন অবশ্যম্ভাবী। কিন্তু কী সেই পরিবর্তন, সেটাও বলতে চান না কোচ। তবে জানা গেছে, ব্রুজন নাকি দলের অধিনায়কত্বসহ অনেক কিছুতেই পরিবর্তন চান। একই সঙ্গে চান দীর্ঘমেয়াদে জাতীয় দল নিয়ে কাজ করতে। কিংসের সঙ্গে চুক্তি আছে বলেই তাই কিছুই খোলাসা করছেন না কোচ, ‘আজ সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে বসেছিলাম। চূড়ান্ত হয়নি কিছুই। তাছাড়া আমার এখন মূল দায়িত্ব কিংসের লিগ অভিযান জয়ে শেষ করা। এখন সব চিন্তা শেষ ম্যাচের প্রতিপক্ষ আবাহনীকে ঘিরে। তার আগে জাতীয় দল নিয়ে কথা বলার সুযোগ নেই। কারণ আমি এখনো কিংসের কোচ।’

আবাহনীর সঙ্গে আগামীকাল শেষ ম্যাচটি খেলবে ব্রুজনের অধীনে টানা দ্বিতীয় লিগ শিরোপাজয়ী বসুন্ধরা কিংস। সেই ম্যাচ শেষেই তিনি হয়ে যাবেন জাতীয় দলের কোচ। সাফের পর তাকে দাঁড়াতে হবে শ্রীলঙ্কায় চারজাতি আসর ও এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে অংশ নিতে যাওয়া বাংলাদেশ দলের ডাগআউটে। এমন ভাষ্য বাফুফের। ব্রুজন শুধু বললেন, ‘অনেক বিষয়ই এখনো আলোচনার পর্যায়ে আছে। তাই অনুমাননির্ভর কোনো কিছুই বলার সুযোগ নেই। আশা করছি দিন তিনেকের মধ্যে একটা কিছু বলতে পারব।’

ক’দিন আগেই মালদ্বীপে কিংসকে নিয়ে খেলে এসেছেন এএফসি কাপের গ্রুপপর্ব। সেই সফরে হারের তিক্ত স্বাদ না পেলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের ধাপে যাওয়া হয়নি কিংসের। অতীতেও মালদ্বীপের ঘরোয়া পর্যায়ে কাজ করার সুবাদে সে দেশের জল-হাওয়া বড্ড চেনা। জাতীয় দল তার অধীনে কেমন করবে? এ প্রশ্নের উত্তর পেতে অপেক্ষায় থাকতে হবে আরও কিছুদিন। আদৌ জাতীয় দলের দায়িত্ব নেবেন কী নেবেন না, সেটা সরাসরি বলেননি। তবে মালেতে বাংলাদেশের প্রতিটি ম্যাচ শেষে উদযাপনে মাততে চাওয়ার কথা দিয়েই কোচ বুঝিয়ে দিলেন লাল-সবুজ এখন তার ভাবনাজুড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত