বেশি যাত্রী হলে নৌকার বিপদ হয়: তথ্যমন্ত্রী

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৬:০০ পিএম

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। আওয়ামী লীগ সরকার দেশে উন্নয়ন করছে। এ উন্নয়ন দেখে সবাই এখন নৌকায় উঠতে চায়। নৌকায় বেশি যাত্রী ভালো নয়। বেশি যাত্রী হলে নৌকার বিপদ হয়।

তিনি বলেন, যারা পিঠ বাঁচানোর জন্য আওয়ামী লীগে আসতে চায়, তাদের আওয়ামী লীগে দরকার নেই। যারা মাদক, দুর্নীতি ও চাঁদাবাজি করে, আওয়ামী লীগে তাদের স্থান নেই। যাচাই-বাছাই করে আওয়ামী লীগে কর্মী নিতে হবে।

রবিবার দুপুর ১২টার দিকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী গাইবান্ধা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিতে গাইবান্ধা গিয়ে সার্কিট হাউস চত্বরে সমবেত দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন।

এ সময় জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সাংসদ উম্মে কুলসুম স্মৃতি, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, উপজেলা চেয়ারম্যান এবং কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনের বেশি দিন বাকি নেই। দুবছর পর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় অতিথি পাখিরা ভোট চাইতে আসবে। তখন তাদের বলতে হবে-আপনারা এখন কেন এসেছেন। তাদের লাল কার্ড দেখাতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচনে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। বর্তমান সরকারের আমলে দেশের সার্বিক উন্নয়ন হয়েছে।

এর আগে মন্ত্রী বিমানে রবিবার সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সকাল ১১টার দিকে গাইবান্ধায় পৌঁছান।

এরপর তিনি সার্কিট হাউসে উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। পরে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের রাধাকৃঞ্চপুরে এসকেএস ইন চত্বরে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত