টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৩ অক্টোবর ওমান যাওয়ার দিন-তারিখ ঠিক থাকলেও প্রস্তুতি ম্যাচের সূচি ছিল না। গতকাল সূচি জানালেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান। আগেভাগে অনুশীলন ক্যাম্পে গিয়ে ওমানে একটি ও সংযুক্ত আরব আমিরাতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
৩ অক্টোবর দেশ ছেড়ে ওমানে একদিনের কোয়ারেন্টাইন করবেন মাহমুদউল্লাহরা। ৫ অক্টোবর থেকে অনুশীলন করে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবেন ৮ অক্টোবর, বিপক্ষ ওমান ‘এ’ দল। বাকি দুই ম্যাচ খেলতে ম্যাচের পরদিন আরব আমিরাতে যাবে বাংলাদেশ। সেখানে ১২ ও ১৪ তারিখে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে বাকি দুই প্রস্তুতি ম্যাচ খেলে ওমানে ফিরবেন মাহমুদউল্লাহরা। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের প্রথম রাউন্ড।
