পুঁজিবাজার তহবিলে জমা ২০৫ কোটি টাকা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৩ পিএম

পুঁজিবাজার স্থিতিশীলকরণ তহবিলে (সিএমএসএফ) ২০৫ কোটি টাকার নগদ অবণ্টিত লভ্যাংশ জমা হয়েছে। এর মধ্যে প্রায় ৪৯ কোটি টাকা এসেছে ১৩ বেসরকারি ব্যাংক এবং ৬টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান থেকে। গত বৃহস্পতিবার পর্যন্ত তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানি থেকে তহবিলের ব্যাংক হিসাবে এ পরিমাণের অর্থ জমা পড়েছে। এর বাইরে বিভিন্ন কোম্পানি আরও প্রায় ১০০ কোটি টাকার চেক বা ব্যাংক ড্রাফট পাঠিয়েছে, যা সংশ্লিষ্ট হিসাবে জমা হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। এসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

শুরুতে তহবিলের আকার যতটা হবে বলে তথ্য পাওয়া গিয়েছিল, এখন মনে হচ্ছে, তহবিলের আকার ততটা বড় হবে না। গত নভেম্বরে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এসইসি ধারণা করেছিল অবণ্টিত নগদ নগদ লভ্যাংশ এবং বোনাস শেয়ার মিলিয়ে তহবিলের আকার প্রায় ২২ হাজার কোটি টাকা হতে পারে, যার মধ্যে নগদ লভ্যাংশের পরিমাণ ছিল এক হাজার ৩৫৫ কোটি টাকা। কিন্তু এখন তা সর্বোচ্চ ৫ হাজার কোটি টাকা হতে পারে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

তহবিলের আকার কমে যাওয়ার সম্ভাব্য কারণ হিসেবে নিয়ন্ত্রক সংস্থা এবং স্টক এক্সচেঞ্জের কর্মকর্তারা জানান, তহবিল গঠন সংক্রান্ত বিধিমালা অনুযায়ী, সর্বশেষ তিন বছর আগের অবণ্টিত লভ্যাংশ চাওয়া হয়েছে। ফলে সব টাকা বা শেয়ার এখনই পাওয়া যাচ্ছে না। তাছাড়া অবণ্টিত লভ্যাংশ তহবিলে স্থানান্তরের আগে কোম্পানিগুলো বিতরণ করার সর্বাত্মক চেষ্টা করতে বলা হয়েছিল। কোম্পানিগুলো জানাচ্ছে, এখন অনেক শেয়ারহোল্ডারই তাদের লভ্যাংশ নিয়ে যাচ্ছেন।

গত বৃহস্পতিবার পর্যন্ত পুঁজিবাজার স্থিতিশীলকরণ তহবিলে জমা হয়েছে তালিকাভুক্ত ৭১ কোম্পানি, ১৪ মিউচুয়াল ফান্ড ও একটি সম্পদ ব্যবস্থাপক কোম্পানি তার ব্যবস্থাপনাধীন বিভিন্ন মিউচুয়াল ফান্ডের অবণ্টিত লভ্যাংশ হিসেবে মোট ২০৫ কোটি টাকা জমা করেছে।

এখন পর্যন্ত একক কোম্পানি হিসেবে সর্বাধিক ২৩ কোটি ৮৬ লাখ টাকা জমা করেছে ওষুধ খাতের কোম্পানি স্কয়ার ফার্মা। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ কোটি ৭৩ লাখ টাকা জমা দিয়েছে খাদ্য খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। তৃতীয় সর্বোচ্চ ১১ কোটি ৯৭ লাখ টাকা জমা করেছে টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন।

এর বাইরে ইসলামী ব্যাংক নয় কোটি ৭০ লাখ টাকা, বেক্সিমকো ফার্মা, ৬ কোটি ৪৩ লাখ টাকা, ইস্টার্ন ব্যাংক সোয়া ছয় কোটি টাকা, মার্কেন্টাইল ব্যাংক ৫ কোটি ৮৩ লাখ টাকা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ৫ কোটি ৫৬ লাখ টাকা, স্কয়ার টেক্সটাইল ৪ কোটি ৫৭ লাখ টাকা, এসিআই লিমিটেড ৪ কোটি ২০ লাখ টাকা, লাফার্জ-হোলসিম সিমেন্ট ৪ কোটি ১৯ লাখ টাকা এ তহবিলে জমা দিয়েছে। এর বাইরে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তার মিউচুয়াল ফান্ডগুলোর বিপরীতে অবণ্টিত ২০ কোটি ৪২ লাখ টাকা জমা দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত