কুমিল্লার হোমনা উপজেলায় গায়েহলুদ অনুষ্ঠানে মেয়েদের নাচের ছবি তোলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
গতকাল রবিবার সকালে উপজেলার বড় ঘারমোরা বাজারে এ সংঘর্ষ হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতরা হলেন রাজিব মিয়া, শাহ আলম, আলী আকবর, জিলানী, অজিত, সাব মিয়া, মোমেন, শাহ আলম, নজরুল মিয়া ও কবির হোসেন। তাদের মধ্যে রাজিব, শাহ আলম, আলী আকবর, সাব মিয়া ও মোমেনকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে হোমনা থানার ওসি মো. আবুল কায়েস আকন্দ জানান, গত বৃহস্পতিবার রাতে বড় ঘারমোরা গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে সুমাইয়ার গায়েহলুদ অনুষ্ঠানে এসে অনুমতি না নিয়ে পার্শ্ববর্তী হুজুরকান্দি গ্রামের রাসেল, ইমরান, অন্তরসহ ৮-১০ যুবক মোবাইল ফোনে ছবি তোলেন। এ নিয়ে ওই বাড়ির আউয়াল মিয়াসহ কয়েকজনের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়।
এরই জেরে গত শনিবার সকালে আবদুল আউয়াল বড় ঘারমোরা বাজারে দুধ বেচতে গেলে হুজুরকান্দি গ্রামের কয়েকজন তাকে মারধর করেন। এ ঘটনায় রাতেই আওয়ালের ভাই জাহাঙ্গীর আলম পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১২ জনের নামে মামলা করেন। পুলিশ বকুল নামে একজনকে গ্রেপ্তার করে। এরপর দুই গ্রামের লোকজন আজ (গতকাল) সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয় বলে জানান তিনি।
ঘারমোরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান বলেন, ‘দুই গ্রামের লোকজনের দ্বন্দ্ব মীমাংসা করতে আজ (গতকাল) বাজারে সবাই বসেছিলাম। বৈঠক চলাকালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়।’
