রোনাল্ড কোম্যান ক্যাম্প ন্যুয়ে এসে ঢালাওভাবে সাজিয়েছেন বার্সেলোনা স্কোয়াড। কিন্তু তাতে সফলতা এখনো শূন্যের কৌটায়।
লুইস সুয়ারেসের পর কাতালোনিয়া ছেড়েছেন লিওনেল মেসির মতো তারকা। ক্যাম্প ন্যু থেকে ধারে অ্যাতলেতিকো মাদ্রিদে ফিরেছেন আঁতোয়া গ্রিজম্যান। লা লিগায় ৩ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে তালিকার দশে আছে বার্সা। চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগে তাদের যাত্রা শুরু হয়েছে হার দিয়ে।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বার্সা ফের বিধ্বস্ত হয়েছে বায়ার্ন মিউনিখের হাতে। তাও ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে। এর পরপরই গুঞ্জন উঠেছে, বরখাস্ত হতে পারেন কোম্যান। কঠিন সময় চললেও ডাচ কোচ জানালেন, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নন তিনি।
সোমবার দিবাগত রাতে লিগে গ্রানাদার বিপক্ষে ম্যাচের আগে কোম্যান বলেন, ‘ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত নই। ক্লাব এবং প্রেসিডেন্ট এসবের সিদ্ধান্ত নেবে।’
তার আগে গ্রানাদার বিপক্ষে ম্যাচ নিয়ে ভাবছেন জানান ডাচ কোচ, ‘আমি কেবল এই ম্যাচ ও দল নিয়ে ভাবছি। সবকিছু আমার হাতে নেই। আমি নিরুদ্বেগ আছি এবং ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদী।’
