মেসিকে উঠিয়ে নেওয়ার ব্যাখ্যা কোচের

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১১:৪২ পিএম

পিএসজিতে যোগ দেওয়ার পর তিন ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি। কিন্তু এখনো গোল পাননি। প্যারিসের দলটিতে অভিষেকে খেলেছিলেন ৩০ মিনিট। এরপর চ্যাম্পিয়নস লিগে ব্রুজের সঙ্গে পুরো ম্যাচ। কিন্তু লিগ ওয়ানে রবিবার লিওঁর সঙ্গে ম্যাচে ৭৬ মিনিটে মেসিকে তুলে নেন কোচ মরিসিও পচেত্তিনো। মাঠ থেকে উঠে যাওয়ার বিষয়টি যে মেসির পছন্দ হয়নি, সেটা মাঠ ছাড়ার সময় মেসির অভিব্যক্তিতেই স্পষ্ট। পচেত্তিনো বলছেন, দলের ভালোর জন্যই মেসিকে উঠিয়ে নেওয়া।

মেসি যে লিওঁর সঙ্গে খারাপ খেলেছেন তা বলা যাবে না। তার বেশ কয়েকটি আক্রমণ ঠেকিয়েছেন লিওঁ গোলকিপার। একটি শট প্রতিহত হয় ক্রসবারের ওপরের কোনায় লেগে। মেসিকে যখন মাঠ থেকে তুলে নেন পচেত্তিনো ম্যাচে তখন ১-১ সমতা। মেসি মাঠ ছাড়ার পর তার দিকে হাত বাড়িয়েছিলেন পচেত্তিনো। কিন্তু হাঁটতে থাকা মেসি হাত বাড়ালেও মেলাননি। এ সময় মেসির সঙ্গে পচেত্তিনোকে কিছু বলতে দেখা যায়। তাই ম্যাচের চেয়ে বেশি আলোচনা হচ্ছে মেসির বদলি নিয়ে।

লিওঁর সঙ্গে ম্যাচের পর সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হয় পচেত্তিনোকে। ব্যাখ্যায় পচেত্তিনো বলেন, ‘সবাই জানে আমাদের দলে অসাধারণ অনেক খেলোয়াড় আছে। ৩৫ জনের স্কোয়াড আমাদের। ১১ জন একসঙ্গে খেলতে পারে। এর বেশি নয়। মাঠের সিদ্ধান্তগুলো নিতে হয় দল ও খেলোয়াড়দের ভালোর জন্যই। সব কোচই এটি নিয়ে ভাবে। কখনো এমন সিদ্ধান্তে ভালো ফল আসে, কখনো আসে না। কিছু সময় খেলোয়াড়রা এটি পছন্দ করে, কিছু সময় করে না। কিন্তু এসব সিদ্ধান্তের জন্যই আমরা আছি। এই সিদ্ধান্তগুলো আমাকে নিতেই হবে। বদলের পর মেসিকে জিজ্ঞেস করেছিলাম ও ঠিক আছে কিনা; ও (মেসি) বলেছে, ঠিক আছে। আমাদের মধ্যে এই কথাই হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত