নিজেকে অনেক পরিবর্তন করেছি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৭ পিএম

নতুন সিনেমায় মনোনিবেশ করেছেন মডেল, চিত্রনায়ক ইমন। সাম্প্রতিক কাজ নিয়ে কথা বললেন দেশ রূপান্তরের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত সাইদ খান

কাগজ- দ্য পেপার...

কয়েকদিন ধরে এই সিনেমার কাজ শুরু করেছি। লাস্ট লকডাউনে জুলফিকার জাহেদী গল্পটা শোনালেন। একজন লেখকের গল্প। তবে কোনো বিখ্যাত লেখকের গল্প নয়। এমন একজন লেখক যিনি নিজের জীবনের অভিজ্ঞতাই লেখায় রূপ দেন। গল্প বলার ধরনটা আমার খুব ভালো লেগেছে। তার মেন্টালিটির সঙ্গে আমার মিলেছে। তাই ছবিটি করতে রাজি হই।

নিজের পরিবর্তন...

পাসওয়ার্ড করার পর নিজেকে অনেক পরিবর্তন করেছি। তারপর থেকেই ভেবেছি অ্যাক্টিং বেইজড কাজ করব। এখন অ্যাক্টিংয়ে অনেক বেশি ফোকাসড হয়েছি। ‘কাগজ-দ্য পেপার’-এও অভিনয় দেখানোর সুযোগ আছে। বড় ক্যানভাসে ছবিটি নির্মিত হচ্ছে। যতটুকু জানি কান ফেস্টিভেলের মতো বড় উৎসবগুলোকে টার্গেট করে ছবিটি নির্মিত হচ্ছে।

প্রস্তুতি...

আমি মনে করি প্রত্যেক মানুষই লিখতে পারে। বড় লেখকদের বাইরেও অনেক লেখক আছে। আবার লেখক নন এমন মানুষও ডায়েরি লেখেন। লেখালেখির অভ্যাস আমারও আছে। আমিও আমার কষ্ট, হাসিকান্নার কথা ডায়েরিতে লিখে রাখি। একজন লেখকের চিন্তাভাবনা কেমন হওয়া উচিত সেসব নিয়ে ঘেঁটেছি। হুমায়ূন আহমেদ থেকে শুরু করে অনেক বড় বড় লেখকের চিন্তাভাবনা সম্পর্কে জানার চেষ্টা করেছি। আর আমার ক্যারেক্টারে যে লেখককে দেখা যাবে তিনি আসলে বড় কোনো লেখক নন। এই চরিত্রের বৈশিষ্ট্য হচ্ছে তিনি নিজের জীবন থেকেই লেখেন। কল্পনার আশ্রয় নেন না। বাস্তব জীবন থেকে প্রকৃত ঘটনা ঘটিয়েই তিনি লেখেন। তার ভেতর প্রেম ও ট্র্যাজেডি আছে। এটা আমার জন্য বেশ চ্যালেঞ্জিংচরিত্র। আমি বলতে চাই না যে, কাগজ দ্য পেপার দিয়ে নতুন ট্রেন্ড শুরু হবে। এটা বলতে চাই, এই সময়ের অনেকগুলো ভালো সিনেমার কাতারে আরও একটি ভালো সিনেমা যুক্ত হবে। ঠিক এই সময়ে এসে কাগজ একটি ভালো ছবি।

অন্য কাজ...

শাহীন সুমন পরিচালিত ওয়েব সিরিজ ‘মাফিয়া’য় কাজ করেছি। শাহীন সুমন আমার হৃদয়ের কাছের একজন মানুষ। তার সঙ্গে তিনটি কাজ করেছি। শাপলা মিডিয়াও খুব ভালো প্রোডাকশন করছে। এই সিনেমায় বাংলাদেশের ভালো আর্টিস্টরা কাজ করছেন। এর বাইরে ‘কানামাছি’, ‘আবার’ সিনেমার কাজ শেষ করেছি।  ‘আকবর-ওয়ান্স আপন দ্য টাইম ইন ঢাকা’র কাজটা আটকে আছে। আশা করছি, সিনেমা হল চালু হলে আমার অনেক ছবি দর্শকরা দেখতে পাবেন। 

কম বাজেটের ছবি...

এখন কখনো বেশি বাজেট, কখনো কম বাজেটের ছবি হচ্ছে। করোনার পর অনেকেই কম বাজেটে সিনেমা নির্মাণ করছেন। এটা ঠিক আমারও কিছু সিনেমার বাজেট কম। আবার কিছু সিনেমার বাজেট অনেক বেশি। ‘মাফিয়া’ অনেক বাজেটের একটা কাজ। কম বাজেটের সিনেমাগুলোতে আসলে গল্পটাই ওরকম থাকে, যাতে কম বাজেটে কাজ হয়ে যায়। বিগ বাজেটের সিনেমার গল্পটাও বড় পরিসরে নেওয়া হয়। বাজেটের কারণে মানে কমতি হচ্ছে এটা আমি মনে করি না। সামনের দিনগুলোতেও এভাবেই কাজ করতে হবে। ইন্ডাস্ট্রির অবস্থা ভালো হলে ভবিষ্যতে বিগ বাজেটের কাজও হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত