মোবাইল বা পিসিতে স্টোরেজ বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে আমাদের ফাইলের পরিমাণও। সে কারণে ক্লাউড স্টোরেজের ওপরে নির্ভরতার পরিমাণও বেড়েছে। ক্লাউড স্টোরেজের কথা মাথায় এলে অবধারিতভাবে আসবে গুগল ড্রাইভের নাম। গুগলে একটি অ্যাকাউন্ট থাকলে প্রত্যেক গ্রাহক পান ১৫ জিবি ফ্রি স্টোরেজ। তাই তথ্য সেভ করে রাখার জন্য বেশিরভাগ মানুষের পছন্দের জায়গা গুগল স্টোরেজ। নিজস্ব সিকিউরিটি সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখে গুগল। ফলে দিনে দিনে ক্লাউড স্টোরেজ হিসেবে জনপ্রিয়তা দিনকে দিন বাড়ছে।
গুগল ড্রাইভে আবারও আসছে নতুন আপডেট। এবারের আপডেটে আসছে নতুন চমক। আগে শুধু অনলাইনে গুগল ড্রাইভ এক্সেস করা গেলেও এবারে সে সুবিধা আসছে অফলাইনেও। একটি ব্লগপোস্টে গুগল জানিয়েছে, গ্রাহক অফলাইনে থাকলেও ড্রাইভে রাখা পিডিএফ, অফিস ডকুমেন্ট ও ছবি দেখতে এবং ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে যে যে বিশেষ ফাইলগুলো অফলাইনে এক্সেস করতে চান সেগুলোর অফলাইন মোড অন করে রাখতে হবে। এর আগে বেটা ভার্সনে ২০১৯ সালে এই প্রযুক্তির ব্যবহার শুরু করেছিল গুগল। এবার সাধারণ ব্যবহারকারীদের জন্যও এ সুবিধা উন্মুক্ত করে দিচ্ছে তারা।
এ সুবিধা পেতে হলে যা করতে হবে -
১। প্রথমেই ম্যাক ও উইন্ডোজের ডেস্কটপ অ্যাপ ডাউনলোড করতে হবে।
২। যে যে বিশেষ ফাইলগুলো অফলাইনেও এক্সেস করা দরকার সেগুলোর অফলাইন অপশন অন করে রাখতে হবে।
