সংসদীয় কমিটি

নিজস্ব অর্থায়নে গ্যাসের প্রিপেইড মিটার বসাতে সুপারিশ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ০২:১৪ এএম

দেশীয় কোম্পানির নিজস্ব অর্থায়নে গ্যাসের প্রিপেইড মিটার বসানোর সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল সোমবার সংসদে ভবনে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মো. আলী আজগার, মো. নুরুল ইসলাম তালুকদার, মো. আছলাম হোসেন সওদাগর, মোছা. খালেদা খানম এবং নার্গিস রহমান বৈঠকে অংশ নেন।

কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান বলেন, ‘বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহের জন্য সিএনজি স্টেশনগুলোতে রেশনিং করা হচ্ছে। এই মুহূর্তে এটা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু দীর্ঘমেয়াদে গ্যাস সরবরাহ ঠিক রাখতে হলে অপচয় রোধ করতে হবে। এজন্য প্রিপেইড মিটার জরুরি। আমাদের গ্যাস কোম্পানিগুলোর সক্ষমতা রয়েছে। তাদের যে আর্থিক সক্ষমতা রয়েছে তাতে নিজস্ব অর্থায়নেই প্রিপেইড মিটার বসাতে পারবে। এর জন্য কোনো উন্নয়ন সহযোগীর সহায়তার দরকার নেই। এটা করতে পারলে গ্যাসের সাশ্রয় হবে।’

বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ও তার পরিবারের সদস্যসহ অন্য যারা শহীদ হয়েছেন, জাতীয় চার নেতাসহ ২১ আগস্ট শাহাদাতবরণকারী, করোনা মহামারীতে মৃত্যুবরণকারী এবং সব শহীদ মুক্তিযোদ্ধার আত্মার প্রতি শ্রদ্ধা ও মাগফিরাত কামনা করা হয়।

এছাড়া বৈঠকে গত ১৭তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করাসহ গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করে কমিটি। এ সময় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের আওতাধীন চলমান প্রকল্পগুলোর বাস্তব অগ্রগতি ও আর্থিক অগ্রগতি বিষয়ে প্রতিবেদন পরবর্তী সভায় উপস্থাপন করার সুপারিশ করে কমিটি।

এছাড়া বাপেক্সের সার্বিক সক্ষমতা বৃদ্ধির জন্য করণীয় বিষয়ে প্রতিবেদন-পরবর্তী সভায় উপস্থাপন, পেট্রো বাংলার অধীন ছয়টি গ্যাস বিতরণ কোম্পানির গ্যাসের বকেয়া আদায়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ নিয়ে আলোচনা হয়।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয়সংশ্লিষ্ট অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত