ক্রিকেট কোচ জালাল আহমেদ চৌধুরী মারা গেছেন

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১২:১৫ পিএম

জাতীয় ক্রিকেট কোচ ও ক্রিকেট লেখক জালাল আহমেদ চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল।

১ সেপ্টেম্বর শ্বাসকষ্টের কারণে প্রথমবার আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন জালাল আহমেদ। পরে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফেরেন। কিন্তু স্বাস্থ্যের অবনতি ঘটায় ১৫ সেপ্টেম্বর আবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

দ্বিতীয় দফায় হাসপাতালে ভর্তি হওয়ার পর আর উন্নতি ঘটেনি তার। গত শুক্রবার থেকে রাখা হয় ভেন্টিলেশনে, ছিলেন আইসিইউতে। ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগে শেষ পর্যন্ত চলেই গেলেন জালাল আহমেদ।

এ সাবেক ক্রিকেটার ষাটের দশকের মাঝামাঝি থেকে সত্তর দশকের মাঝামাঝি পর্যন্ত খেলেছেন ঢাকা ক্রিকেট লিগে। তারপর শুরু করেন কোচিং। বাংলাদেশের প্রথম ক্রিকেট প্রশিক্ষক হিসেবে ভারতের পাতিয়ালায় উচ্চতর কোচিংয়ের ওপর ট্রেনিং করেন তিনি।

পরে মোহামেডান, ধানমন্ডি, কলাবাগানসহ ঢাকার বেশ কয়েকটি শীর্ষ ক্লাবে কোচিং করান জালাল আহমেদ চৌধুরী।

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি। এ ছাড়া বিসিবির আম্পায়ার্স ও স্কোরার্স অ্যাসোসিয়েশনের সম্পাদকের পদে অধিষ্ঠিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত