বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ও বিশিষ্ট ব্যবসায়ী রাজ কুন্দ্র পর্ণ মামলায় জামিন পেয়েছেন। গতকাল মুম্বাইয়ের নিম্ন আদালত তাকে ৫০ হাজার রুপি মুচলেকায় জামিন দিয়েছেন। গত ১৯ জুলাই রাতে মুম্বাই পুলিশ রাজ কুন্দ্রকে গ্রেপ্তার করে।
রাজ কুন্দ্রের আইনজীবী প্রশান্ত পাতিল জানান, কুন্দ্র বা রায়ান থর্পর বিরুদ্ধে ওই কনটেন্ট আপলোডের কোন প্রমাণ নেই।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কারাগার থেকে মুক্ত হন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ‘বলিউড হাঙ্গামা’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অভিযোগপত্রে শিল্পা শেঠিকে অন্যতম সাক্ষী রাখা হয়েছে। ভারতীয় আরেক সংবাদমাধ্যমকে শিল্পা জানান, স্বামীর কর্মকাণ্ড সম্পর্কে তিনি কিছু জানতেন না। হটশটস বা বলিফেম অ্যাপ সম্পর্কে তার কোনও ধারণা নেই। তিনি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। ২০১৫ সালে ভিয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেড শুরু করেন রাজ কুন্দ্র। সে সময় শিল্পা ওই কোম্পানির পরিচালক ছিলেন। তবে, ব্যক্তিগত কারণে ২০২০ সালে পদত্যাগ করেন শিল্পা।
রাজের জামিনের খবর প্রকাশের পর শিল্পা ইনস্টাগ্রাম স্টোরিতে রংধনুর ছবির মাঝে লেখা চীনা বংশোদ্ভূত মার্কিন স্থপতি রজার লির উক্তি শেয়ার করেছেন। সেখানে লেখা আছে ‘রংধনুর উপস্থিতি প্রমাণ করে ঝড়োহাওয়ার পর সুন্দরের আগমন ঘটে।’
রাজের গ্রেপ্তারের পর মুম্বাই পুলিশ সূত্রে জানা যায়, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সাইবার অপরাধ দমন শাখায় পর্ণ তৈরি ও কিছু অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া নিয়ে রাজ কুন্দ্রের বিরুদ্ধে একটি মামলা করা হয়। ওই মামলায় মুম্বাই পুলিশের অপরাধ দমন বিভাগ মুম্বাইয়ের জুহুতে রাজ ও শিল্পার বাড়িতে অভিযান চালিয়ে রাজকে গ্রেপ্তার করে।
