চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে হারের পর লা লিগাতেও হোঁচট খেল বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে সোমবার বার্সেলোনা ও গ্রানাদার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। রোনাল্ড আরোহোর শেষ মুহূর্তের গোলে হার এড়ায় বার্সেলোনা।
গত এপ্রিলে এই মাঠেই লিগ ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছিলে গ্রানাদা। সোমবার ম্যাচের দ্বিতীয় মিনিটে এগিয়ে যাওয়ার পর এবারও তেমন কিছুর আশায় ছিলেন গ্রানাদা সমর্থকরা। অতিথিদের এগিয়ে দেন পর্তুগিজ ডিফেন্ডার দমিঙ্গোস দুয়ার্তে। সার্জিও এসকুদেরোর ক্রসে হেডে গোল করেন দুয়ার্তে। ১৮ মিনিটের সময় বার্সার সার্জিও রবের্তোর শট পোস্টে লেগে ফেরে। প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতিতে যায় গ্রানাদা। ৭৯ মিনিটে লুক ডি ইয়ং অসাধারণ এক সুযোগ পেয়েও গোল করতে পারেননি। ম্যাচের ৯০ মিনিটে গোল করে বার্সাকে পয়েন্ট এনে দেন আরোহ। গাভির ক্রসে হেডে গোল করেন উরুগুইয়ান এই ডিফেন্ডার।
চার ম্যাচে ২ জয়, ২ ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে বার্সেলোনা।
