চুরি করতে রেকি, চক্রের সাত সদস্য গ্রেপ্তার

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ০৬:২২ এএম

রাজধানীর বিভিন্ন এলাকার নামীদামি অফিস, বহুতল ভবন ও মার্কেটে চুরির জন্য টার্গেট করে এমন সংঘবদ্ধ চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত সোমবার রাজধানীর ডেমরা ও কুমিল্লার কান্দিরপাড় এলাকায় ধারাবাহিক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম এসব তথ্য জানান।

পুলিশ জানিয়েছে, চক্রের সদস্যরা প্রথমে নারী সদস্যদের পাঠিয়ে টার্গেট করতো অফিসসহ বিভিন্ন ভবনে চুরি জন্য রেকি করতো। টার্গেট করা অফিসের তালা, সিকিউরিটি লক, ডিজিটাল লক ও অফিস কক্ষের ড্রয়ার ভেঙে মূল্যবান মালামাল ও টাকা-পয়সা চুরি করে সুকৌশলে বের হয়ে যেত তারা।

গ্রেপ্তারকৃতরা হলো, জামাল উদ্দিন, শফিক ভূঁইয়া ওরফে বাছা, তার স্ত্রী মুক্তা আক্তার, জসিম উদ্দীন, কাদের ওরফে কিবরিয়া ওরফে বাবু, মো. শাকিল ও আলামিন। এই  চক্রের রেকির কাজে নিয়োজিত ছিল শফিকের স্ত্রী মুক্তা আক্তার।

ডিবির যুগ্ম কমিশনার জানান, গত ১১ জুন ঢাকার উত্তরা পশ্চিম থানার প্যারাডাইস টাওয়ারের আটতলায় গোল্ডেন টাচ ইমপোর্ট আইএনসি অফিসে চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় ১৩ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয়। ওই মামলার ছায়া তদন্তকালে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রযুক্তির সহায়তায় চুরির ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে এই চক্রের হোতা জামালের বিরুদ্ধে ১৪টি চুরির মামলা রয়েছে। তারা চট্টগ্রাম বন্দর থানা এলাকাকেন্দ্রিক চুরির ঘটনার সঙ্গে জড়িত।

তিনি আরও জানান, ধৃতরা চট্টগ্রাম বন্দরে চুরির সঙ্গে জড়িত ও হাতেখড়ি সেখানে। সেখানে তারা তিন-চার বছর ধরে চুরির সঙ্গে জড়িত ছিল। তারা চট্টগ্রাম থেকে করোনা পরিস্থিতিতে ঢাকায় আসে ও সুউচ্চ ভবন, মার্কেট, অফিস ও টাওয়ারে চুরি শুরু করে। যেসব অফিসে বা মার্কেটে সিসিটিভি ক্যামেরা নেই কিংবা থাকলেও মনিটরিং নেই, সে সবই তারা টার্গেট করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত