পাকিস্তানে দল পাঠানোর প্রস্তাব ‘নাকচ করে দিয়েছে’ বিসিবি

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০২:৫৩ এএম

একের পর এক হোম সিরিজ বাতিলে স্বাভাবিকভাবেই সংকটের মুখে পাকিস্তান ক্রিকেট। এ অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দল পাঠানোর আমন্ত্রণ জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে বিসিবি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে।

পিসিবির দেওয়া প্রস্তাবের বিষয়টি সংবাদ মাধ্যমের কাছে স্বীকার করেছেন বিসিবির মিডিয়া অপারশেন্সের প্রধান জালাল ইউনুস। সেই সঙ্গে বাংলাদেশের পাকিস্তান সফরের যাওয়ার সম্ভাবনা তিনি নাকচ করে দেন।

জালাল ইউনুস বলেন, ‘বাংলাদেশ দলের খেলোয়াড়রা সবাই ছুটিতে আছে। অক্টোবরের চার তারিখে বাংলাদেশ দল বিশ্বকাপে খেলতে যাবে। এখন এটা সম্ভব নয়।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ এটা নিয়ে কিছুই ভাবছে না। বাংলাদেশের ‘এ’ দলের বিভিন্ন সফর থাকে, কিন্তু এখন এ রকম কোন পরিকল্পনা নেই।’

গত শুক্রবার পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর দিন হুট করেই তা বাতিল করে নিউজিল্যান্ড। এরপর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাদের নারী ও পুরুষ জাতীয় দলকে পাকিস্তানে খেলতে পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে আসে।

অক্টোবরে একই সঙ্গে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল ইংল্যান্ড পুরুষ ও নারী জাতীয় দলের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত