যুক্তরাজ্যের দক্ষিণ-পূর্ব লন্ডনে সাবিনা নেসা নামে ২৮ বছর বয়সী এক ব্রিটিশ-বাংলাদেশী শিক্ষিকাকে হত্যা করা হয়েছে।
সাবিনা নেসাকে গত শুক্রবার সন্ধ্যায় তার বাসা থেকে পাঁচ মিনিটের দূরত্বে একটি পাবে বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় হত্যা করা হয়েছিল। লন্ডন পুলিশের মতে, পরদিন সকালে একটি ক্যাটর পার্ক থেকে তার মৃতদেহ পাওয়া যায়।
পুলিশ তার খুনের তদন্ত শুরু করেছে। ৪০ বছর বয়সী এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করার পরে ছেড়ে দেওয়া হয়।
লন্ডন পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জো গ্যারিটি বলেন, ‘আমাদের তদন্তে ভালো অগ্রগতি হচ্ছে এবং বিশেষজ্ঞ অফিসাররা অপরাধের ঘটনাস্থলে নিবিড় তল্লাশি ও অনুসন্ধান চালিয়ে যাচ্ছে’।
তিনি আরও বলেন, ‘হত্যার জন্য দায়ী ব্যক্তিকে খুঁজে বের করার জন্য আমরা আমাদের কাছে থাকা প্রতিটি সম্পদ ব্যবহার করছি’।
শুক্রবার সন্ধ্যায় সাবিনার স্মরণে একটি অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যে এলাকায় তাকে পাওয়া গিয়েছিল সেই এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং ফুল বিছিয়ে রাখা হয়েছে।
সাবিনা দক্ষিণ-পূর্ব লন্ডনের লুইশামে বসবাস করতেন এবং প্রায় এক বছর ধরে ক্যাটফোর্ডের রুশে গ্রিন প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেছেন।
