কৃষি ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন কেয়া ইয়ান মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল খালেক পাঠানসহ ৮ জন। এ মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পরিপ্রেক্ষিতে গত ১৯ সেপ্টেম্বর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত তাদের অব্যাহতির এ আদেশ দেয়।
আবদুল খালেক পাঠান ছাড়া অব্যাহতিপ্রাপ্ত অন্যরা হলেন খালেদা পারভীন, মাছুম পাঠান, তানসিন কেয়া, মো. আবুল হোসেন, গোলাম রসুল, মো. সারোয়ার হোসেন ও জুবায়ের মনজুর।
কৃষি ব্যাংকের ১১১ কোটি ১৪ লাখ ৬৫ হাজার ৩১ টাকা আত্মসাতের অভিযোগে ২০১৭ সালের আগস্টে রাজধানীর তেজগাঁও থানায় একটি মামলা করে দুদক। মামলার পর কেয়া ইয়ান মিলস এজাহারে উল্লিখিত অর্থ কৃষি ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় জমা দেয়। এর পরিপ্রেক্ষিতে দুদক আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। গত ১৯ সেপ্টেম্বর ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ উভয় পক্ষের শুনানি নিয়ে চূড়ান্ত প্রতিবেদন সঠিক আছে মর্মে আসামিদের অভিযোগ থেকে অব্যাহতি দেন। একই সঙ্গে মামলাটি নিষ্পত্তি করে আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুদকের সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা বরাবর পাঠানোর আদেশ দেয় আদালত।
