‘সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম হবে এমন ভয়ে বিশ^বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘এখন বিশ^বিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিলেও আতঙ্ক থেকে ক্যাম্পাস ঘিরে লাগানো হচ্ছে সিসিটিভি।’
গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মরহুম নিশতার আহেমদ রাখীর স্মরণে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (রুনেসা) উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনায় তিনি এসব কথা বলেন।
সিসিটিভি লাগানোর তীব্র সমালোচনা করে সরকারকে উদ্দেশ করে রিজভী বলেন, ‘এত ভয় কিসের? শিক্ষাপ্রতিষ্ঠান নজরদারিতে থাকবে কেন? গোটা দেশের মধ্যে স্বৈরাচার কায়েম হলেও বিশ্ববিদ্যালয় মুক্ত থাকে। ক্যাম্পাসে সিসিটিভি বসানোর কথা বলেছে কর্তৃপক্ষ। তাহলে এত দিন যে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখলেন, এটা তবে রাজনৈতিক কারণেই বন্ধ রেখেছেন?’
