ভুয়া দলিল নিবন্ধন করতে আসায় কিশোরগঞ্জের করিমগঞ্জে জহিরুল ইসলাম ওরফে জুয়েল মুন্সি (৪৫) নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে দলিল লেখকরা। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। গতকাল তাকে জাল-জালিয়াতির মামলায় কারাগারে পাঠানো হয়েছে। জুয়েল মুন্সী উপজেলার কদিমাইজহাটি গ্রামের মৃত আবুল হাসেম ভুঞার ছেলে।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, জুয়েল মুন্সী কিশোরগঞ্জ জেলা সদর রেজিস্ট্রি অফিসের সিল ও সদর রেজিস্ট্রি মহাফেজখানার ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরসহ সৃজনকৃত একটি ভুয়া দলিল নিয়ে করিমগঞ্জ অফিসে যায়। দলিল লেখকের সন্দেহ হলে বালাম বহি ও ইনডেক্স যাচাই করে দেখেন দলিলের সবকিছু গরমিল এবং সৃজনকৃত। পরে দলিল লেখকরা একত্রিত হয়ে জুয়েল মুন্সীকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
করিমগঞ্জ থানার ওসি মুমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে মামলা রেকর্ড শেষে শুক্রবার সকালে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
