কোচ পরিবর্তন দরকার ছিল : সালাউদ্দিন

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১০:৫২ পিএম

জেমি ডে-কে ছুটি দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর মাত্র ১৩ দিন আগে কোচ বদল নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু সিদ্ধান্তকে সঠিক বলছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। বলেছেন, অনেক ভেবেচিন্তেই আনা হয়েছে এই পরিবর্তন। সাফের প্রথম ও সবশেষ শিরোপার স্বাদ বাংলাদেশ পেয়েছিল ২০০৩ সালে। গত চার আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় দল। নতুন কোচের হাত ধরে হতাশার বৃত্ত থেকে দল বেরিয়ে আসবে বলে আশাবাদী বাফুফে সভাপতি।

জাতীয় দলের দ্বিতীয় দিনের অনুশীলন দেখতে মাঠে গিয়ে কাজী সালাউদ্দিন বলেছেন, ‘আমি আশাবাদী দলটা এবার ভালো করবে। অনেক যুদ্ধটুদ্ধ করে এই কোচকে এনেছি। রেজাল্ট যা হওয়ার তাই হবে; কিন্তু আমি মনে করি, কোচ বদল করে সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করেছি, এই পরিবর্তন দরকার ছিল।’ সালাউদ্দিন বলেন, ‘একটা টুর্নামেন্টের জন্য বসুন্ধরা কিংসের কাছ থেকে ব্রুজনকে ধার নেওয়া হয়েছে। ব্রুজনের একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সে এই দলটাকে নিজের ভাবে। অতীতে যেটা আমি অন্য কোচদের মধ্যে পাইনি। যেদিন ওর সঙ্গে আমাদের এই দায়িত্ব নেওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে, সেদিন থেকেই সে কাজে নেমে পড়েছে।’ ২৭ জনের প্রাথমিক দলে কিংসের খেলোয়াড়ই ১০ জন। তাই তাদের সঙ্গে ব্রুজনের বোঝাপড়া আছে আগে থেকেই। অন্য দলগুলোর খেলোয়াড়রাও নতুন কোচের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য যথেষ্ট পরিণত বলেও মনে করেন সালাউদ্দিন। জাতীয় দলের রক্ষণাত্মক কৌশলে খেলার পুরনো ছক থেকে বেরিয়ে ব্রুজনের আক্রমণাত্মক ছকে ফেরা সঠিক মনে করছেন তিনি, ‘আমার সেরা একাদশের খেলোয়াড়দের মধ্যে কমপক্ষে ৪-৫ জন কিংসের খেলোয়াড় থাকে... এর বাইরে যারা থাকবে, আমি মনে করি তারাও যথেষ্ট পরিণত। দলের ৫০ শতাংশ খেলোয়াড় যখন কোচের কৌশল আগে থেকেই জানে এবং বুঝে, তাহলে বাকিদের, বিশেষ করে জামাল ভূঁইয়ার মতো সিনিয়রদের না বোঝার কথা নয়। আসলে এর চেয়ে ভালো বিকল্প আমাদের ছিল না।’ প্রাথমিক দলের অনেকেই ২০ সেপ্টেম্বর বিপিএলের শেষ ম্যাচ খেলেছেন কিংস-আবাহনীর হয়ে। সেই প্রসঙ্গে টেনে সালাউদ্দিন বলেন, খেলোয়াড়দের ফিটনেস নিয়ে ভাবার কোনো কারণ নেই। ‘এখানে ফিটনেসের ইস্যু নেই। আমি মনে করি, দল ভালো কন্ডিশনে আছে এবং রাইট মেথডে রাইট ট্রেনিং হচ্ছে।’

এলিটা কিংসলের খেলার বিষয়ে সালাউদ্দিন বলেন, ‘এএফসি-ফিফা কী করবে, তা আমরা বলতে পারব না। আমাদের যতখানি চেষ্টা করার, আমরা করব। আর ও এলে যে অ্যাটাকিং বদলে যাবে, তাও না। ওর কন্ডিশন, ফিটনেস এগুলো পরখ করতে হবে। দলের সঙ্গে ফিট করবে কিনা, সেটাও দেখতে হবে। দ্বিতীয়ত, কোচ কিন্তু আমাকে বলেনি কিংসলে নাম্বার ওয়ান। তাই এ বিষয়গুলো নিয়ে আমরা এখন ভাবছি না।’

১ অক্টোবর মালদ্বীপে শুরু হবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ত্রয়োদশ আসর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত