মাটির নিচে সম্পদের পাহাড়

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১১:৩০ পিএম

বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর মধ্যে একটি আফগানিস্তান। অথচ দেশটির মাটির তলায় রয়েছে ১ ট্রিলিয়ন ডলার মূল্যের খনিজ সম্পদ। সম্প্রতি আফগানিস্তানের খনিজ সম্পদ ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটাই বলা হয়।

৩ কোটি ৮০ লাখ জনসংখ্যার দেশে আছে ২২ বিলিয়ন টন লোহা, ১৩ বিলিয়ন টন মার্বেল এবং ১৪ মিলিয়ন টন অন্যান্য খনিজ পদার্থ।

ভূতাত্ত্বিক স্কট মন্টগোমারির মতে, আফগানিস্তান চাইলে ৭ থেকে ১০ বছরের মধ্যে বিপুলাকারে খনিজ সম্পদ উত্তোলন করতে পারে, যা দেশটিকে সম্পদশালী করতে পারে। কিন্তু নিরাপত্তা সংকট, বৈধতার সমস্যা ও দুর্নীতির কারণে খনিজ সম্পদজাত অর্থ থেকে বঞ্চিত হচ্ছে দেশটি। ১৯৬০ ও ১৯৭০ সালে সোভিয়েত ইউনিয়ন ও তার পূর্ব ইউরোপের মিত্ররা আফগানিস্তানে একটি জরিপ চালিয়েছিল। কিন্তু আফগান থেকে সোভিয়েত ইউনিয়নের পতনের কারণে ওই জরিপের ফল আলোর মুখ দেখতে পায়নি। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে ও আফগানিস্তান জিওলজিক্যাল সার্ভে দল দেশটির ২৪টি বিশেষায়িত এলাকায় একটি জরিপ করেছিল। সেই জরিপে মূল্যবান ধাতু, খনিজ সম্পদ ও তেল-গ্যাসের উপস্থিতি পাওয়া যায়। আফগানিস্তানে প্রাপ্ত খনিজ সম্পদের মধ্যে সবচেয়ে বেশি লোহা। যে পরিমাণ লোহা দেশটির খনিগুলোতে আছে, তা উত্তোলন শুরু হলে দেশটি লোহা উৎপাদন শীর্ষ ১০ দেশের মধ্যে চলে যাবে।

বামিয়ান প্রদেশের হাজিগাক খনিসহ ওই অঞ্চলে ১৭ বিলিয়ন টন লোহা মজুদ আছে। এই পরিমাণ লোহা দিয়ে প্যারিসের আইফেল টাওয়ারের দুই লাখ রেপ্লিকা বানানো সম্ভব। এ ছাড়া দেশটির বাদখাসান ও কান্দাহার প্রদেশে ১৮৩ মিলিয়ন টন অ্যালুমিনিয়াম মজুদ আছে। এর বাইরে বাদখাসানের দক্ষিণ-পশ্চিমে আছে স্বর্ণখনি।

পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে আফগানিস্তানে খনিজ সম্পদ উত্তোলন করা সহজসাধ্য নয়। হিন্দুকুশ পর্বতমালায় মার্বেল, লাইমস্টোন, স্যান্ডস্টোন ছাড়াও আরও অনেক মূল্যবান পদার্থ পাওয়া যায়। কিন্তু ওই পর্বতমালার চারপাশে কোনো বন্দর সুবিধা না থাকায় উত্তোলিত খনিজ সম্পদ বের করা অনেক কষ্টসাধ্য। হেরাত, বাঘলান ও বাদাখাসানে থাকা ৫০০ মিলিয়ন টন লাইমস্টোন একাধিকবার উত্তোলনের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি পরিবহন সংক্রান্ত জটিলতার কারণে। ২০১৯ সাল পর্যন্ত আফগানিস্তান ২ কোটি ২৪ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। রপ্তানিকৃত পদার্থের মধ্যে শীর্ষে লোহা, মুক্তা। এরপরেই রপ্তানিতে শীর্ষে বাদাম ও ফল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত