প্রণোদনার অর্থ পাচ্ছেন না ঢাকার সংস্কৃতিকর্মীরা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০১:২৪ এএম

করোনা পরিস্থিতিতে নানা সংকটে থাকলেও ঢাকা মহানগরের অন্তত তিন হাজার সংস্কৃতিকর্মী মন্ত্রণালয়ের প্রতিশ্রুত প্রণোদনার অর্থ পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। যদিও বিভিন্ন জেলা শহরে সংস্কৃতিকর্মীদের এ অর্থ ঈদুল আজহার আগেই দেওয়া হয়েছে।

টাকা না পাওয়ার পেছনে শিল্পকলা একাডেমি তালিকা চূড়ান্ত করতে দেরি করেছে বলে জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। তবে শিল্পকলা একাডেমি বলছে, মন্ত্রণালয়ের চেক তারা হাতে পেয়েছে। আগামী সপ্তাহ থেকে সংস্কৃতিকর্মীদের মধ্যে অর্থ বিতরণ করা হবে।

গত বছরের মার্চে দেশে করোনা সংক্রমণ শুরু হয়। এরপর ডিসেম্বরের দিকে সারা দেশে ৯ হাজার ৬১০ সংস্কৃতিকর্মীর জন্য মোট ৪ কোটি ৬৬ লাখ ৮ হাজার টাকা প্রণোদনা দেয় সংস্কৃতি মন্ত্রণালয়। চলতি বছর করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে পুনরায় প্রণোদনার দাবি জানান সংস্কৃতিকর্মীরা। এরপর সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ প্রণোদনার ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় বিভিন্ন জায়গায় জেলা প্রশাসকের মাধ্যমে সংস্কৃতিকর্মীদের ৫ হাজার টাকা করে দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত ঢাকার সংস্কৃতিকর্মীরা এ অর্থ পাননি।

সংস্কৃতিকর্মীদের অভিযোগ, মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমির কর্মকর্তাদের গড়িমসিতে টাকা পেতে দেরি হচ্ছে। বিষয়টি সমাধানে গত ২২ আগস্ট সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে সংস্কৃতি প্রতিমন্ত্রীকে চিঠি দেওয়া হয়। যোগাযোগ করা হলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আর্থিক সংকটে থাকা কর্মীর তালিকা চূড়ান্ত করেছে শিল্পকলা একাডেমি। তারা তালিকা দিতে দেরি করায় অর্থ ছাড়েও দেরি হয়েছে।

গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ দেশ রূপান্তরকে বলেন, ‘সংস্কৃতিকর্মীদের বিষয়ে শিল্পকলা একাডেমির উদাসীনতা নতুন নয়। এজন্য আমরা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে প্রণোদনার অর্থ বিতরণে মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু মন্ত্রণালয় শিল্পকলাকেই তালিকার দায়িত্ব দেয়। তারা যথাসময়ে তালিকা চূড়ান্ত করতে পারেনি।’

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ দেশ রূপান্তরকে বলেন, ‘ঈদুল আজহার আগে সংস্কৃতিকর্মীদের যে টাকা দেওয়ার কথা, এখনো তা না পাওয়া দুঃখজনক। বিলম্বের কারণ খতিয়ে দেখতে আমরা সংস্কৃতি প্রতিমন্ত্রীকে চিঠি দিয়েছি।’ তিনি বলেন, ‘আমাদের অনেক কর্মী করোনায় ভয়াবহ আর্থিক সংকটে দিন পার করছেন। ঢাকার সংস্কৃতিকর্মীদের মাঝে দ্রুত প্রণোদনার টাকা দেওয়ার দাবি জানাচ্ছি।’

সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে দেশ রূপান্তরকে বলেন, ‘প্রণোদনার অর্থ শিল্পকলা একাডেমিতে পাঠানো হয়েছে। তারাই এটি বিতরণ করবে।’

শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ বলেন, ‘প্রণোদনার চেক আমরা পেয়েছি। ক্যাশ করতে তিন-চার দিন লাগবে। আগামী সপ্তাহে অর্থ বিতরণ শুরু হবে।’ তিনি বলেন, ‘মোট ২ হাজার ৫৫ জনের তালিকা করা হয়েছে। তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা দেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত