তালেবানের সরকার অন্তর্ভুক্তিমূলক নয় : এরদোয়ান

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০১:৪২ এএম

আফগানিস্তানে তালেবানের অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের বিষয়টি নিয়ে একের পর এক বিশ্বনেতা কথা বলতে শুরু করেছেন। সম্প্রতি এ নিয়ে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বিবিসিকে বলেছিলেন, আফগানিস্তানে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করা সম্ভব না হলে দেশটিতে গৃহযুদ্ধের আশঙ্কা রয়েছে। এবার অন্তর্ভুক্তিমূলক সরকার নিয়ে কথা বললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

আলজাজিরার অনলাইনের প্রতিবেদনে বলা হয় এরদোয়ান বলেছেন, তালেবানের বর্তমান কর্মপন্থা ও অন্তর্বর্তী সরকার অন্তর্ভুক্তিমূলক নয়। তবে তালেবান যদি সবাইকে নিয়ে সরকার গঠন করে, তাহলে তাদের সঙ্গে কাজ করবে তুরস্ক।

পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্য তুরস্ক। তালেবানের ক্ষমতা দখল ও আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের পর কাবুল বিমানবন্দর পরিচালনায় কাতারের সঙ্গে কাজ করছে তুরস্ক। আফগানিস্তানের ক্ষমতা তালেবানের হাতে যাওয়ার পর প্রাথমিক বার্তায় তাদের স্বাগত জানায় তুরস্ক। তবে আঙ্কারা একই সঙ্গে এ কথাও বলে, তালেবানের কর্মকাণ্ড তারা মূল্যায়ন করবে। তালেবানকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি এ পর্যালোচনার ওপর নির্ভর করবে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন এরদোয়ান। সেখানে তিনি তালেবান সরকার নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এরদোয়ান বলেন, তালেবানের কাজকর্মের দিকে তারা নজর রাখছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠিত হয়নি। এখন কিছু পরিবর্তনের সম্ভাবনা সম্পর্কে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তালেবান হয়তো অধিক অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত