কমছে না ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি বছর দেশে গতকাল শুক্রবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ হাজার ৮৯৪ জন রোগী।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছে ১৮৯ জন। ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার হাসপাতালে ১৬৪ জন এবং ঢাকার বাইরে ২৫ জন ভর্তি রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে চলতি মাসের ২৪ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬ হাজার ৫৩৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, দৈনিক ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১৬৫-৭০-এর ঘরে থাকলে চলতি বছরের রেকর্ডসংখ্যক ডেঙ্গু আক্রান্তের সংখ্যায় দাঁড়াবে সেপ্টেম্বর মাস। এর আগে গত আগস্ট মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ৭ হাজার ৬৯৮ জন। এ রেকর্ড ভাঙতে পারে চলতি মাসে।
গতকাল বিকেলে দেওয়া হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ১ হাজার ৪৮ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮২৭ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ২২১ জন।
গতকাল সকাল ৮টা পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১৫ হাজার ৭৮৭ জন। দেশে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ৫৯ জন।
