ভিলার কাছে রোনালদোদের হার

এবার চেলসিকে হারাল সিটি

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১১:৫০ পিএম

ম্যানচেস্টার শহরের দুই ফুটবল ক্লাব গতকাল একই সময়ে মাঠে নেমেছিল ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচে। স্টামফোর্ড ব্রিজে ম্যানচেস্টার সিটি ১-০ গোলে হারিয়েছে চেলসিকে। সব প্রতিযোগিতা মিলে টানা তিন ম্যাচ চেলসির কাছে হারের পর এবার জয় পেল সিটিজেনরা। আর ওল্ড ট্র্যাফোর্ডে অ্যাস্টনভিলা ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ব্রুনো ফার্নান্দেজ পেনাল্টি মিস না করলে ফলাফল ভিন্ন হতে পারত।

গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে চেলসির কাছে হেরেছিল ম্যানসিটি। তার আগে প্রিমিয়ার লিগে এবং এফএ কাপেও চেলসির সঙ্গে হার জুটেছিল পেপ গার্দিওলার দলের। তবে এবার আর খালি হাতে ফিরতে হয়নি। ম্যাচের প্রথমার্ধে ৭০ শতংশ সময় বল দখলে ছিল সিটির। কিন্তু গোল পায়নি তারা। ৫৩ মিনিটে সিটির হয়ে গোল করেন গ্যাব্রিয়েল জেসুস। ম্যাচের এক দিন আগেই ব্রাজিল দলে ফের ডাক পেয়েছেন জেসুস। তবে রোমেলু লুকাকুর একটি গোল ভিএআরে অফসাইডের কারণে বাতিল হয়। গোলটির বিল্ডআপের সময় অফসাইড পজিশনে ছিলেন কাই হাভার্টজ। তাই বাতিল হয় গোল। ৮২ মিনিটে জ্যাক গ্রিলিশের শট চেলসি গোলকিপার মেন্ডি ঠেকিয়ে দেন। না হলে ব্যবধান আরও বাড়তে পারত।

ম্যাচে ৬০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে সিটি গোলের উদ্দেশ্যে মোট ১৫টি শট নেয়, যার চারটি লক্ষ্যে ছিল। মৌসুমের শুরু থেকে দারুণ ছন্দে থাকা চেলসি যেন আক্রমণ করতেই ভুলে গিয়েছিল। চেলসির চার শটের সবকটিই ছিল লক্ষ্যভ্রষ্ট।

গেল বুধবার ইংলিশ লিগ কাপে ওয়েস্টহ্যামের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল ম্যানইউ। সেই ম্যাচে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদোসহ বেশ কিছু খেলোয়াড়। কিন্তু গতকাল প্রিমিয়ার লিগে পূর্ণশক্তির দল নামিয়েও হারতো হলো ম্যানইউকে। ম্যাচের ৬০ শতাংশ সময়ে বল দখল এবং গোলমুখে মোট ২৮ শট করেও গোল পায়নি ওলে গানার সোলসকায়েরের দল। উল্টো ম্যাচের ৮৮ মিনিটে ডিফেন্ডার কোর্টনি হসের গোলে এগিয়ে যায় অ্যাস্টনভিলা। ম্যাচের ইনজুরি সময়ের শেষ দিকে পেনাল্টি পেয়েছিল ম্যানইউ। তবে রোনালদো দলে থাকতেও পেনাল্টি কিক নেন ব্রুনো। তার নেওয়া স্পটকিক গোলবারের অনেক ওপর দিয়ে যায়। পেশাদার ক্যারিয়ারে এই প্রথম পেনাল্টি থেকে শট পোস্টে রাখতে পারেননি ফার্নান্দেজ। শুধু ইউনাইটেডের মাঠেই নয়, গত ১৮ বারের মুখোমুখিতে লিগে এই প্রথম জয় পেয়েছে অ্যাস্টন ভিলা। আর ১৯৮৩ সালের পর ওল্ড ট্র্যাফোর্ডে দলটির মাত্র দ্বিতীয় জয় এটি!

৬ ম্যাচে ৪ জয়, একটি করে ড্র এবং হারে ১৩ পয়েন্টে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ম্যানসিটি। সমান ম্যাচ ও পয়েন্টে চেলসি আছে তিনে, ম্যানইউ চারে। ১৩ পয়েন্ট নিয়ে ব্রেন্টফোর্ডের সঙ্গে গতকাল ম্যাচ খেলে লিভারপুল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত