এ বছর ডেঙ্গুর মৌসুমে দেশে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। কেবল চলতি মাসের ২৫ দিনেই আক্রান্ত হয়েছে ৬ হাজার ৭৫৯ জন এবং একই সময়ে মারা গেছে ১৩ জন। আক্রান্তের সংখ্যায় গত আগস্ট মাসকে টপকে যাওয়ার সম্ভাবনা দেখা দিলেও কমেছে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা। আগস্টে ডেঙ্গুতে মারা গেছে ৩৪ জন এবং চলতি মাসের ২৫ দিনে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৩ জনে।
দেশে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২২১ জন। ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার হাসপাতালে ১৬৪ জন এবং ঢাকার বাইরে ৫৭ জন ভর্তি রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গতকাল শনিবার বিকেলে দেওয়া হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ১ হাজার ৯৯ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৮০ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ২১৯ জন।
এদিকে চলতি বছরের শুরু থেকে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১৭ হাজার ১১৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ১৫ হাজার ৯৫৭ জন হাসপাতাল ছেড়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
দেশে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ৫৯ জন। এর মধ্যে গত জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন এবং চলতি মাসের ২৫ দিনে ১৩ জন মারা গেছে ।
