কুকুরের মাথায় ছাতা ধরে শীর্ষ ধনীর হৃদয় জয়

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৬:২৬ এএম

ভেজা রাস্তার ধারে ছাতা হাতে দাঁড়িয়ে এক যুবক। বৃষ্টি থেকে বাঁচতে সেই ছাতার তলাতেই বসে রয়েছে একটি পথ-কুকুর। নিজের ছাতার তলায় রাস্তার কুকুরকে আশ্রয় দেওয়া যুবক মুম্বাইয়ের টাটা গোষ্ঠীর মালিকানাধীন তাজ প্যালেস হোটেল কর্মী। আর নাগরিক সমাজের কাছে পশুপ্রেমের নিদর্শন তুলে ধরতে ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করেছেন টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটা!

ছবির সঙ্গে একটি লাল রঙের হৃদয় ‘ইমোজি’ দিয়েছেন রতন। লিখেছেন, ‘এই বর্ষায় আরাম ভাগাভাগি। তাজ হোটেলের এই কর্মী বেশ সহৃদয়। তার ছাতাটি এক ভিজে যাওয়া পথ-কুকুরের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। ব্যস্ত মুম্বাইয়ের একটি হৃদয় ছুঁয়ে যাওয়া মুহূর্ত। এমন দরদ পথের প্রাণীগুলোকে অনেক দূরে এগিয়ে দিতে পারে।’ টাটা কর্ণধারের পোস্ট করা ওই ছবি আর মন্তব্য ভাইরাল হয়েছে ইতিমধ্যেই।

টাটা কর্ণধারের সারমেয় প্রীতির কথা জানেন অনেকেই। পথ-কুকুরদের রক্ষায় নানা কর্মসূচিতে তার অবদানের কথাও অনেকবারই প্রকাশ্যে এসেছে। টাটা গোষ্ঠীর আন্তর্জাতিক সদর দপ্তর ‘বম্বে হাউজ’-এ পথ-কুকুরদের জন্য একটি আশ্রয়স্থলও গড়ছেন রতন।

গত কয়েক দিন আগে কলকাতার এমন একটি ছবি ভাইরাল হয়। ওই ছবিতে দেখা যায়, তুমুল বৃষ্টির মধ্যে এক ট্রাফিক পুলিশের ছাতার নিচে আশ্রয় নিয়েছে একাধিক কুকুর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত