সুনামগঞ্জের ছাতকে চাঞ্চল্যকর একটি হত্যা মামলার আসামিকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের ভিডিও চিত্র ফেইসবুক লাইভে প্রচারের ঘটনায় তোলপাড় চলছে। ছাতক থানার ওসির কক্ষে ধারণ করা এই ভিডিও ক্লিপটি গত বৃহস্পতিবার রাত ১২টা ৪০ মিনিটে ‘ছাতক টু সুনামগঞ্জ’ নামে ফেইসবুকভিত্তিক একটি পেইজে লাইভ করা হয়। আপলোড করার পর মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের গোপনীয় দৃশ্য প্রচার নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে ঘণ্টাখানেক পর ভিডিওটি ওই পেইজটি থেকে মুছে ফেলা হয়। কিন্তু এরই মধ্যে প্রায় ৫ হাজার মানুষ ভিডিওটি দেখেন। তাদের কেউ কেউ এভাবে ক্লু-লেস হত্যাকাণ্ডের বর্ণনা শুনে ঘটনার সঙ্গে জড়িত অন্যরা পালিয়ে যাবে এবং এ ধরনের কর্মকাণ্ড পুলিশের খামখেয়ালিপনা বলে লাইভ চলাকালে মন্তব্য করেন।
এ ব্যাপারে জানতে চাইলে ছাতক থানার ওসি নাজিমউদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘আসামি গ্রেপ্তার করে আমার রুমে জিজ্ঞাসাবাদ করছিলাম। এ সময় অনেকেই সেখানে ছিল, তখন কে বা কারা গোপনে আসামিকে জিজ্ঞাসাবাদের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে প্রচার করেছে তাদের খুঁজে বের করা হবে।’
এ প্রসঙ্গে সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘আমি শুক্রবার বিকেলে ঘটনাটি অবগত হয়েছি। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে দেব। কোনোভাবেই এভাবে গ্রেপ্তার আসামির জবানবন্দি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের সুযোগ নেই।’
জানা গেছে, ছাতকের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের মোল্লাআতা গ্রামের জহির আলীর ছেলে ব্যবসায়ী আখলাকুর রহমান আখলাদ (৩৫) গত ১৯ সেপ্টেম্বর রাতে গোবিন্দগঞ্জ বাজার থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে ফেরার পথে খুন হন। গ্রামের পাশে ধানি জমিতে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় গোবিন্দনগর গ্রামের ফজলু মিয়ার ছেলে আবু সুফিয়ান সোহাগ ও বিশ্বনাথ উপজেলার দিঘলী-চাকলপাড়া গ্রামের আশরাফুল আলমের ছেলে আলীম উদ্দিনকে গত বুধবার রাতে আটক করে পুলিশ। এর পরদিন বৃহস্পতিবার রাতে এ মামলায় আবু সুফিয়ান সোহাগকে জিজ্ঞাসাবাদ করা হয়।
