দক্ষিণ ভারতীয় তারকা নাগা চৈতন্য ও সামান্থা আক্কিনেনির বিবাহ বিচ্ছেদের জল্পনা চলছে কিছুদিন ধরে। এ নিয়ে তারা প্রকাশ্যে মন্তব্য না করলেও সাম্প্রতিক এক ঘটনায় তা আরও স্পষ্ট হলো।
নাগার বাড়িতে সম্প্রতি হাজির হন আমির খান। সেই আয়োজনে পরিবারের অন্যরা থাকলেও অনুপস্থিত ছিলেন সামান্থা।
সামনেই মুক্তি পেতে চলেছে নাগা অভিনীত ছবি ‘লাভ স্টোরি’। এর আগে তিনি ‘লাল সিং চাড্ডা’য় আমির খানের সঙ্গেও অভিনয় করেছেন।
সম্প্রতি হায়দরাবাদে ‘লাভ স্টোরি’র প্রচারে গিয়েছিলেন আমির। অনুষ্ঠানের পর নিজেদের বিলাসবহুল বাড়িতে মিস্টার পারফেকশনিস্টের সম্মানে ডিনার পার্টির আয়োজন করেন নাগা ও তার বাবা সুপারস্টার নাগার্জুন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সে আয়োজনের ছবি। আর সেখানেই সামান্থার অনুপস্থিতি নতুন করে নাগার সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের জল্পনাকে বাড়িয়ে তুলেছে।
কয়েক দিন আগে সামান্থা এই সংক্রান্ত প্রশ্নে প্রকাশ্যে সাংবাদিকের ওপর চটে যান। আলাদাভাবে গোটা ঘটনায় বিরক্তি প্রকাশ করলেন নাগা চৈতন্যও।
অভিনেতা বলেন, ‘আমার ক্যারিয়ারে প্রথম থেকেই ব্যক্তিগত এবং পেশাদার জগৎ আলাদা রেখেছি। আমি দুটো কখনো এক করে ফেলিনি। এটা আমি বাবা, মায়ের কাছ থেকে শিখেছি। এটা শিখেই বড় হয়েছি। আমি ছোট থেকে দেখেছি বাড়ি ফিরে বাবা, মা কখনো কাজ নিয়ে কথা বলতেন না। আবার যখন কাজে যেতেন, তখন সেখানে বাড়ির কথা আলোচনা করতেন না। খুব সুন্দর ব্যালান্স করে চলতেন।”
নাগা চৈতন্য অভিনেতা নাগার্জুন আক্কিনেনির পুত্র। বৈবাহিক সূত্রে এক সময় আক্কিনেনি পদবি ব্যবহার করতেন সামান্থা। কিন্তু কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইলে সেই পদবি বাদ দিয়েছেন তিনি। তারপর থেকে তাদের বিচ্ছেদের জল্পনা আরও দৃঢ় হয়।
