দেশে বিরাজনীতিকরণ চলছে : জি এম কাদের

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২:০২ এএম

‘দেশে সংসদীয় গণতন্ত্রের নামে বিরাজনীতিকরণ চলছে’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেছেন, ‘সংবিধান অনুযায়ী সংসদীয় গণতন্ত্রের নামে দেশে যা চলছে, সেটা গণতন্ত্র না। বিরাজনীতিকরণ থেকে মুক্তি পেতে আইনের মাধ্যমে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে হবে।’

গতকাল রবিবার জাপার চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে সদ্য পদোন্নতিপ্রাপ্ত দলের নেতাদের নিয়ে সংক্ষিপ্ত এক সভায় এসব কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, ‘সংবিধান অনুযায়ী সব ক্ষমতা দিয়ে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে। নির্বাহী বিভাগসহ সব বিভাগ নির্বাচনকালীন নির্বাচন কমিশনের অধীনে কাজ করলেই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হলেই দেশের মানুষ প্রকৃত গণতন্ত্রের স্বাদ পেতে শুরু করবে। তা ছাড়া বিরাজনীতিকরণ চলতে থাকলে দেশের মানুষ রাজনীতির বাইরে চলে যাবে। দেশে রাজনীতি ও রাজনীতিবিদ থাকবে না।’

সম্প্রতি জাপার সাংগঠনিক সম্পাদক থেকে পদোন্নতি পেয়ে উপদেষ্টামন্ডলীর সদস্য হয়েছেন মো. জহুরুল হক জহির, লে. ক. (অব.) শাব্বির আহমেদ (যশোর), সাহিত্য ও কৃষ্টিবিষয়ক সম্পাদক থেকে পদোন্নতি পেয়ে সাংগঠনিক সম্পাদক হয়েছেন সুমন আশরাফ (কুষ্টিয়া), নির্বাহী সদস্য থেকে পদোন্নতি পেয়ে সাংগঠনিক সম্পাদক হয়েছেন উসমান আলী (সিলেট), যুগ্ম সাংগঠনিক সম্পাদক থেকে পদোন্নতি পেয়ে সাহিত্য ও কৃষ্টিবিষয়ক সম্পাদক হয়েছেন খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত