কাজী ফিরোজ রশীদের বিরুদ্ধে দুদকের মামলা

হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ০১:২২ এএম

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা বাতিলের রায় প্রত্যাহার করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত হয়ে গেছে। ফিরোজ রশীদের করা আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল রবিবার প্রধান বিচারপতি

সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত ভার্চুয়াল আপিল বেঞ্চ  হাইকোর্টের ওই আদেশটি ছয় সপ্তাহের জন্য স্থগিত করে।

ফিরোজ রশীদের পক্ষে ছিলেন আইনজীবী এম কে রহমান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

আইনজীবীদের তথ্য মতে, রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ২০১৬ সালের ৬ এপ্রিল এ মামলা করে দুদক। এজাহারে বলা হয়, ১৯৫১ সালের ৩ নভেম্বর রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকার ২ নম্বর রোডে এক বিঘা আয়তনের সরকারি জমিসহ একটি বাড়ি তৎকালীন কানাডার হাইকমিশনার মোহাম্মদ আলীর অনুকূলে বরাদ্দ দেওয়া হয়। পরে মরহুম মোহাম্মদ আলীর দ্বিতীয় স্ত্রী বেগম আলিয়া মোহাম্মদ আলী, ছেলে সৈয়দ মাহমুদ আলী ও মেয়ে সৈয়দা মাহমুদা আলীর নামে হস্তান্তরে অনুমতিসহ ১৯৭০ সালের ৩০ মে নামজারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে ১৯৭০ সালের ২২ মে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে তাদের হস্তান্তরের অনুমতি দেওয়া হয়। ১৯৭৯ সালের ১৬ আগস্ট কাজী ফিরোজ রশীদের রেজিস্ট্রি করা ডিড অব অ্যাগ্রিমেন্ট ফর সেল নম্বর-৩১১৫৪ দলিলে ভুয়া দাতা বেগম আলীয়া মোহাম্মদ আলী ও সাক্ষী কাজী আরিফুর রহমান সাজিয়ে ও নথিপত্র দেখিয়ে তৎকালীন জেলা রেজিস্ট্রারের সহযোগিতায় ওই সম্পত্তি দখল করেন।

অ্যাডভোকেট খুরশীদ আলম খান জানান, মামলা বাতিল চেয়ে কাজী ফিরোজ রশীদ ২০১৭ সালে হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্ট এই মামলা বাতিলের রায় দেয় ২০১৯ সালের জানুয়ারিতে। এরপর দুদক এই রায় প্রত্যাহার (রিকল) চেয়ে ২০২০ সালের ১৮ আগস্ট আবেদন করলে আদালত সেটি গ্রহণ করে। গত ৯ সেপ্টেম্বর হাইকোর্টের দেওয়া এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন কাজী ফিরোজ রশীদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত