দেশের প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, এখন সারা দেশে ৪৫৬টি ফায়ার স্টেশন চালু আছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরকে ঢেলে সাজানোর জন্য নানামুখী কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
গতকাল রবিবার দুপুরে রাজধানীর মিরপুর ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সে ৪১তম ব্যাচের অফিসার্স ফাউন্ডেশন কোর্সের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন। এ সময় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লে. কর্নেল জিল্লুর রহমান, উপপরিচালক (ঢাকা বিভাগ) দেবাশীষ বর্ধন, পরিচালক (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) মো. হাবিবুর রহমান ও পরিচালক (প্লানিং, ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং) লে. কর্নেল সিদ্দিক মো. জুলফিকার আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আসাদুজ্জামান খান বলেন, ‘ফায়ার সার্ভিসের ২৫ হাজার জনবলকে উন্নীত করার জন্য সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের কাজ শুরু করেছি। আমরা ফায়ার সার্ভিসকে সব দিক থেকে সমৃদ্ধ করার মাধ্যমে এর সক্ষমতা বৃদ্ধি করেছি। এ প্রতিষ্ঠানটি এখন বহুমাতৃক সেবা কাজে নিয়োজিত।’
তিনি আরও বলেন, ‘সারা বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতিনিয়ত দুর্যোগ-দুর্ঘটনার চিত্র পরিবর্তিত হচ্ছে। দুর্যোগ-দুর্ঘটনা আমাদের সামনে নতুন নতুন চরিত্রে আবির্ভূত হচ্ছে। প্রকৃতিগতভাবে দুর্যোগপ্রবণ এ দেশে আপনাদের সবসময় দুর্যোগ প্রশমনের জন্য যেমন কাজ করতে হবে, তেমনি উদ্ভাবনী বিবেচনা শক্তি দিয়ে সংঘটিত দুর্ঘটনার ক্ষয়ক্ষতিও সীমিত রাখতে হবে। মুন্সীগঞ্জের গজারিয়ায় ১০০ একর জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি করা হয়েছে। আগে এ প্রতিষ্ঠানের ১০তলা ভবনের ওপরে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজ করার সক্ষমতা ছিল না। আমরা এ সক্ষমতাকে ২০ তলায় উন্নীত করেছি। আগামী বছর ৬৮ মিটারের ৫টি টার্নটেবল লেডার এই বহরে যুক্ত হবে। তখন এ সক্ষমতা ২২তলা পর্যন্ত উন্নীত হবে। চলমান প্রকল্পগুলো শেষ হলে ফায়ার স্টেশনের সংখ্যা হবে ৫৬৫টি ও জনবলের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ১৬ হাজার। প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী এই জনবলকে ২৫ হাজারে উন্নীত করার জন্য ফায়ার সার্ভিসের সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের কাজ শুরু করেছি।
তিনি আরও বলেন, ‘আমরা আশা করি ফায়ার সার্ভিসের কর্মীরা প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে ধরে রাখবেন। নিয়মিত চর্চার মাধ্যমে তা আরও শাণিত করবেন। আরেকটি বিষয় সব সময় মনে রাখতে হবে, এটি একটি ইউনিফরমধারী সুশৃঙ্খল বিভাগ। প্রতিটি ক্ষেত্রে আপনাদের শৃঙ্খলার মান বজায় রাখতে হবে। ঝুঁকিভাতা দেওয়া, পূর্ণাঙ্গ রেশন ইউনিট চালু, ৩ রঙের মর্যাদাপূর্ণ কমব্যাট পোশাক প্রবর্তন, রাষ্ট্রীয় পদক সংখ্যা ও সম্মানী বৃদ্ধি এবং ফায়ারফাইটার ও অফিসারসহ ৫টি পদের বেতন গ্রেড বৃদ্ধি করা হয়েছে। কাজের সক্ষমতা ও সুযোগ-সুবিধা বাড়ানোর প্রক্রিয়া অব্যাহত রাখার মাধ্যমে আমরা বাহিনীকে বিশ্বমানের একটি সেবা বাহিনীতে পরিণত করব।’
সমাপনী অনুষ্ঠানে ৪৪ জন অফিসারের মধ্য থেকে শারীরিক যোগ্যতা, বুদ্ধিমত্তা, শিষ্টাচার, শৃঙ্খলা, আচার-ব্যবহার, লিখিত পরীক্ষা, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষাসহ বিভিন্ন বিষয়ের ওপর দক্ষতার ভিত্তিতে তিনজনকে চৌকস নির্বাচিত করা হয়। ১ম চৌকস নির্বাচিত হন শেখ তরিকুল ইসলাম, ২য় খন্দকার মিরাজুল ও ৩য় সিল্টন আহমেদ। নির্বাচিত চৌকস অফিসারদের পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
