ফাইজারের আরও ২৫ লাখ টিকা আসছে আজ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ০১:৪১ এএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে ফাইজারের টিকার ২৫ লাখ ডোজের একটি চালান আসছে দেশে। আজ সোমবার রাত সোয়া ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ন্যাশনাল এয়ারলাইনস কার্গো বিমানে কোভ্যাক্সের আওতায় এই টিকা এসে পৌঁছাবে। গতকাল রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান এ কথা জানান।

টিকা গ্রহণ করতে বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এর আগে টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং দ্বিতীয় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ টিকা দেশে এসেছে। আজ আরও ২৫ লাখ ডোজ এলে এ নিয়ে ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ টিকা দেশে এসে পৌঁছাবে।

সূত্রমতে, এ পর্যন্ত অ্যাস্ট্রেজেনেকা, সিনোফার্ম, মডার্নার ভ্যাকসিনসহ ক্রয়কৃত ও কোভ্যাক্স ফাসিলিটিজের আওতায় মোট টিকা দেশে এসেছে ৫ কোটি ২৭ লাখ ৭ হাজার ১২০ ডোজ। এর মধ্যে সিনোফার্ম  এনেছে ৩ কোটি ৩৫ লাখ ৬৫ হাজার।

এ ছাড়া চীনের সিনোফার্মের ৬ কোটি ডোজ ভ্যাকসিন ক্রয়ের চুক্তি অনুযায়ী এ মাস থেকেই প্রতি মাসে ২ কোটি ডোজ করে ভ্যাকসিন দেশে আসার প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে আরও সাড়ে ১০ কোটি ডোজ ভ্যাকসিনসহ মোট ২৪ কোটি ডোজ ভ্যাকসিন ক্রয়ের প্রক্রিয়াও চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত