এসএসসি পরীক্ষা ১৪ নভেম্বর এইচএসসি ২ ডিসেম্বর শুরু

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ০১:৫৫ এএম

করোনা পরিস্থিতিতে আটকে থাকা এসএসসি-এইচএসসি ও সমমান পরীক্ষা অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে। মহামারীর সংশয় কাটিয়ে গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এসব পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। সে অনুযায়ী ১৪ নভেম্বর থেকে এসএসসি এবং ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। প্রতিদিন দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে দেড় ঘণ্টা করে। সংক্ষিপ্ত সিলেবাসে হতে যাওয়া এ পরীক্ষা নিতে স্বাস্থ্যবিধি পালনে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে সরকার। এর আগে গত ২৩ সেপ্টেম্বর দাখিল পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছিল মাদ্রাসা শিক্ষা বোর্ড।

দেশের শিক্ষাবর্ষ অনুযায়ী মাধ্যমিক পর্যায়ের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা এসএসসি ও সমমান শুরু হয় বছরের ফেব্রুয়ারি মাসে। আর উচ্চ মাধ্যমিকের পাবলিক পরীক্ষা এইচএসসি ও সমমান শুরু হয় এপ্রিলে। কিন্তু করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে গত বছর ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। করোনা সংক্রমণ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় গত ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খুলে দেওয়া হয়। এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাকালে কোনো পাবলিক পরীক্ষা হয়নি। এমনকি গত বছর এইচএসসি পরীক্ষা সরাসরি না নিয়ে আগের পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ফল দেওয়া হয়েছে। আটকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলও একই পদ্ধতিতে দেওয়ার দাবি উঠেছিল। কিন্তু সরকার পরীক্ষা নিতে অনড় থাকে। এজন্য সিলেবাস সংক্ষিপ্ত করে দেওয়াসহ নানা ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

মানতে হবে নির্দেশনা : পরীক্ষাসূচির নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয় বলেছে, কভিড-১৯ অতিমারীর কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার সময় দেড় ঘণ্টা, এর মধ্যে এমসিকিউ ও সিকিউ (সৃজনশীল অংশ) পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা এবং দুপুর ২টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত দুই ধাপে পরীক্ষা হবে। সকাল ১০টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে সাড়ে ৯টায় অলিখিত উত্তরপত্র এবং বহুনির্বাচনী ওএমআর শিট বিতরণ, সকাল ১০টায় বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ এবং সকাল সোয়া ১০টায় বহুনির্বাচনী উত্তরপত্র (ওএমআর শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। আর দুপুর ২টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে দুপুর দেড়টায় অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী ওএমআর শিট বিতরণ, দুপুর সোয়া ২টায় উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে।

পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানপ্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করবে। শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ে এনসিটিবির নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। প্রতিষ্ঠান নিজ নিজ পরীক্ষার্থীর ব্যবহারিক খাতায় (নোটবুক) নম্বর প্রদান করে নম্বরগুলো ২৮ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক খাতার (নোটবুক) নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাবে।

পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর নামে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষার্থীকে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক খাতার (নোটবুক) নম্বরের অংশে আলাদাভাবে পাস করতে হবে। পরীক্ষার্থী শুধু রেজিস্ট্রেশন ও প্রবেশপত্রে বর্ণিত বিষয়/বিষয়গুলোর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে অংশগ্রহণ করতে পারবে না।

কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে। পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না। শুধু কেন্দ্র সচিব ফিচার ফোন (স্মার্টফোন ব্যতীত) ব্যবহার করতে পারবেন। সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) ও বহুনির্বাচনী পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে। পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনঃনিরীক্ষার জন্য অনলাইনে এসএমএসের মাধ্যমে আবেদন করা যাবে বলেও নির্দেশনায় জানানো হয়েছে।

পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এবারের প্রশ্নপত্রে শিক্ষার্থীদের জন্য উত্তর দেওয়ার একাধিক সুযোগ থাকবে। গ্রুপভিত্তিক তিনটি নৈর্বচনিক বিষয়ে ছয়টি সংক্ষিপ্ত পরীক্ষা নেওয়া হবে। আবশ্যিক বিষয় বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, আইসিটি ও ধর্ম এবং চতুর্থ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে না। এসব বিষয়ে পরীক্ষার্থীদের আগের পাবলিক পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়নের মাধ্যমে নম্বর দেওয়া হবে। এসএসসির ক্ষেত্রে জেএসসি এবং এইচএসসির ক্ষেত্রে জেএসসি ও এসএসসির ফল মূল্যায়ন করা হবে। পরীক্ষার নম্বর দেওয়া হবে অ্যাসাইনমেন্ট ও পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ওপর।

এসএসসির সময়সূচি

এসএসসির সময়সূচি অনুযায়ী, প্রথম দিন (১৪ নভেম্বর) শুধু সকালে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৫ নভেম্বর সকালে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এবং বিকেলে হিসাববিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৬ নভেম্বরও একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকালের পরীক্ষা হবে রসায়ন (তত্ত্বীয়) বিষয়ে। একইভাবে ১৮ নভেম্বরও শুধু সকালে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।

২১ নভেম্বর সকাল ও বিকেলে যথাক্রমে ভূগোল ও পরিবেশ এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২২ নভেম্বর সকালে উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান (ঐচ্ছিক) বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৩ নভেম্বর শেষ দিনে সকালে পৌরনীতি ও নাগরিকতা এবং অর্থনীতি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন বিকেলে ব্যবসায় উদ্যোগ বিষয়ে পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শেষ হবে।

এইচএসসির সময়সূচি

২ ডিসেম্বর : পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র (সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত), সাধারণ বিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টিবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র (রসায়ন), সাধারণ বিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টিবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র (জীববিজ্ঞান), খাদ্য ও পুষ্টি প্রথম পত্র, লঘু সংগীত (তত্ত্বীয়) প্রথম পত্র (দুপুর ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত)।

৫ ডিসেম্বর : যুক্তিবিদ্যা প্রথম পত্র (সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত) এবং হিসাববিজ্ঞান প্রথম পত্র (দুপুর ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত)।

৬ ডিসেম্বর : পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র (সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত) এবং সাধারণ বিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টিবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র (খাদ্য ও পুষ্টিবিজ্ঞান), খাদ্য ও পুষ্টি দ্বিতীয় পত্র, লঘু সংগীত (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র (দুপুর ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত)।

৭ ডিসেম্বর : যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র (সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত) এবং হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র (দুপুর ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত)।

৮ ডিসেম্বর : রসায়ন (তত্ত্বীয়) প্রথম পত্র (সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত) এবং শিশু বিকাশ প্রথম পত্র, উচ্চাঙ্গসংগীত (তত্ত্বীয়) প্রথম পত্র (দুপুর ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত)।

৯ ডিসেম্বর : ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র (সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত) এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র, ফিন্যান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্র (দুপুর ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত)।

১২ ডিসেম্বর : রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র (সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত) এবং শিশু বিকাশ দ্বিতীয় পত্র, উচ্চাঙ্গসংগীত (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র (দুপুর ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত)।

১৩ ডিসেম্বর : ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র (সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত) এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র, ফিন্যান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র (দুপুর ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত)।

১৫ ডিসেম্বর : জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, উচ্চতর গণিত প্রথম পত্র (সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত) এবং গৃহ ব্যবস্থাপনা ও শিশুবর্ধন এবং পারিবারিক সম্পর্ক (তত্ত্বীয়) প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র, ইসলাম শিক্ষা প্রথম পত্র (দুপুর ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত)।

১৯ ডিসেম্বর : পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র (সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত) এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র (দুপুর ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত)।

২০ ডিসেম্বর : জীববিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, উচ্চতর গণিত দ্বিতীয় পত্র (সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত) এবং গৃহ ব্যবস্থাপনা ও শিশুবর্ধন এবং পারিবারিক সম্পর্ক (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র, ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র (দুপুর ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত)।

২১ ডিসেম্বর : পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র (সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত) এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র (দুপুর ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত)।

২২ ডিসেম্বর : ভূগোল (তত্ত্বীয়) প্রথম পত্র (সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত) এবং আরবি প্রথম পত্র (দুপুর ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত)।

২৩ ডিসেম্বর : ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র (সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত) এবং আরবি দ্বিতীয় পত্র (দুপুর ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত)।

২৭ ডিসেম্বর : অর্থনীতি প্রথম পত্র (সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত) এবং ব্যবহারিক শিল্পকলা এবং বস্ত্র ও পোশাকশিল্প (তত্ত্বীয়) প্রথম পত্র (দুপুর ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত)।

২৮ ডিসেম্বর : সমাজবিজ্ঞান প্রথম পত্র, সমাজকর্ম প্রথম পত্র (সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত) এবং ক্রীড়া (তত্ত্বীয়) প্রথম পত্র (দুপুর ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত)।

২৯ ডিসেম্বর : অর্থনীতি দ্বিতীয় পত্র (সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত) এবং ব্যবহারিক শিল্পকলা এবং বস্ত্র ও পোশাকশিল্প (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র (দুপুর ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত)।

৩০ ডিসেম্বর : সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, সমাজকর্ম দ্বিতীয় পত্র (সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত) এবং ক্রীড়া (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র (দুপুর ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত