পরীমণির জব্দ জিনিস ফেরত দিতে আদেশ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০১:৩২ এএম

মাদক মামলায় জব্দ করা গাড়িসহ অন্যান্য জিনিস আলোচিত চলচ্চিত্র নায়িকা পরীমণিকে ফেরত দিতে আদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার এ আদেশ দেন। পরীমণিকে যেসব জিনিস ফেরত দেওয়া হচ্ছে তা হলো একটি গাড়ি,  দুটি ল্যাপটপ, একটি আইপ্যাড, একটি আইফোন, একটি গ্যালাক্সি মোবাইল ফোন, দুটি পাসপোর্ট, ব্র্যাক ব্যাংকের একটি ভিসা কার্ড ও আরেকটি গোল্ডকার্ড, স্ট্যান্ডার্ড ব্যাংকের একটি ভিসা কার্ড, একটি মেমরি কার্ড, একটি পেনড্রাইভ ও একটি টেলিটক মডেম। এর মধ্যে গাড়িটির দামের সমপরিমাণ টাকার মুচলেকা দিতে হবে। এ ছাড়া আদালতের চাহিদা মোতাবেক এসব জিনিস প্রয়োজন হলে পরীমণি ফেরত দেবেন বলে শর্ত বেঁধে দিয়েছে আদালত।

গতকাল দুপুর দেড়টার দিকে সাদা রঙের একটি প্রাইভেট কারে চড়ে আদালত চত্বরে এসে পৌঁছান পরীমণি। শুনানির সময় তিনি কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন। তখন আদালত পরীমণির কাছে জানতে চায়, তার কিছু বলার আছে কি না। তখন পরীমণি আদালতকে বলেন, তার কিছু বলার নেই। এ সময় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস পাল ও বিশেষ পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান। তারা পরীমণিকে জিনিসপত্র ফেরত দিতে কোনো আপত্তি নেই বলে জানান।

এর আগে ১৫ সেপ্টেম্বর পরীমণির জব্দ করা জিনিসপত্র ফেরত চেয়ে আদালতে আবেদন করেছিলেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। এর পরিপ্রেক্ষিতে আদালত তদন্ত কর্মকর্তাকে সঠিক মালিকানা যাচাই এবং জব্দ করা অন্যান্য আলামতের বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় গত রবিবার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল দুটি জব্দ তালিকার মোট ১৬টি আলামত পরীমণিকে ফেরত দেওয়ার সুপারিশসহ প্রতিবেদন জমা দেন।

গত ৪ আগস্ট বিকেলে রাজধানীর বনানীর ১২ নম্বর সড়কে পরীমণির বাসায় অভিযান চালান র‌্যাব সদস্যরা। কয়েক ঘণ্টার অভিযান শেষে ওই বাসা থেকে বিদেশি ব্র্যান্ডের মদ, মদের খালি বোতলসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করার কথা জানান র‌্যাব কর্মকর্তরা। এরপর পরীমণিকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গত ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর আবারও ১৯ আগস্ট তাকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে ২১ আগস্ট আবার পরীমণিকে কারাগারে পাঠানো হয়। এরপর ৩১ আগস্ট জামিন পান তিনি। কারাগার থেকে ছাড়া পান পরদিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত