মোংলা সেন্ট পলস স্কুল

জুতার জন্য শতাধিক শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষক

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০২:০৩ এএম

বাগেরহাটের মোংলায় স্কুলড্রেসের (পোশাক) সঙ্গে মিল রেখে কেটস (জুতা) না পরায় শতাধিক শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার শ্যালাবুনিয়ার সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানায়, গতকাল সকালে ক্লাসরুমে প্রবেশের সময় সব শিক্ষার্থীর স্কুলড্রেস ও জুতা চেক করে বিদ্যালয় কর্র্তৃপক্ষ। এ সময় সবার পরনে স্কুলড্রেস থাকলেও অনেকের কেটস (জুতা) ছিল বিভিন্ন রঙের। এ ঘটনায় সব ছাত্রছাত্রীকে প্রথমে শ্রেণিকক্ষ ও পরে স্কুল প্রাঙ্গণ থেকে বাইরে বের করে দেন প্রধান শিক্ষক জয়ন্ত এন্ড্রু কস্তা। এতে ছাত্রছাত্রীদের কেউ কেউ বাড়ি ফিরে গেলেও কাউকে আবার রাস্তায় ঘুরতে দেখা গেছে। পরে বিষয়টি জানতে পেরে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ারুল কুদ্দুস শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেন। এরপর ক্লাস শুরুর এক ঘণ্টা পর গেইটের বাইরে থাকা কয়েকজন ছাত্রছাত্রীকে ক্লাসে ফিরিয়ে নেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে ওই বিদ্যালয়ের কয়েকজন ক্লাস শিক্ষকের অভিযোগ, প্রধান শিক্ষক জয়ন্ত নতুন যোগদান করার পর নিজের ইচ্ছেমতো স্কুলের সব সিদ্ধান্ত গ্রহণ করেন।

এ বিষয়ে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, ‘এমন খবর শুনে আমি তাৎক্ষণিক শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে নিতে বলার পর বিদ্যালয় কর্র্তৃপক্ষ তাদের ক্লাসে নিয়ে বসিয়েছেন। তবে কেন এমন করা হলো, বিষয়টি আমি সরেজমিনে গিয়ে দেখব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত