পিএসজির জার্সিতে প্রথম গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি। তাও চ্যাম্পিয়নস লিগের মঞ্চে এবং সাবেক গুরু পেপ গার্দিওলার দলের বিপক্ষে। আর্জেন্টিনা ফরোয়ার্ডের অপেক্ষার অবসানের রাতে জয় পেয়েছে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা।
ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে চ্যাম্পিয়নস লিগের ‘এ’ গ্রুপে ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। এই জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চার দলের গ্রুপে শীর্ষে উঠল ফরাসি জায়ান্টরা। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে সিটি।
বার্সেলোনা ছাড়ার পর পিএসজির হয় সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে চার ম্যাচে মাঠে নামলেন মেসি। তার মধ্যে দুই ম্যাচ লিগ ওয়ানে ও দুই ম্যাচ চ্যাম্পিয়নস লিগে। সিটিজেনদের বিপক্ষে পিএসজির দ্বিতীয় গোল করেন ৩৪ বছর বয়সী তারকা।
৭৪তম মিনিটে দারুণ এক আক্রমণে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে ওয়ান-টু পাসে সিটির জাল খুঁজে নেন মেসি। তার ২০ গজ দূর থেকে নেওয়া শট রুখতে পারেননি গোলরক্ষক এদেরসন।
.jpg)
এই গোলের সঙ্গে সঙ্গে পার্ক দে প্রিন্সেসের দর্শক-সমর্থকরা মেসির নাম ধরে গর্জে ওঠে। চোট কাটিয়ে দুই ম্যাচ পর মাঠে ফিরেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। আর ফিরেই পেলেন কাঙ্ক্ষিত গোল। গত আগস্টে ক্যাম্প ন্যুর সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে প্যারিসে আসেন মেসি। বার্সার হয়ে ৬৭২ গোলের পর এবার পিএসজির হয়ে গোলের খাতা খুললেন তিনি।
চ্যাম্পিয়নস লিগের গত আসরের রানার্স-আপদের বিপক্ষে পিএসজিকে শুরুতে এগিয়ে দেন ইদ্রিসা গানা। ম্যাচের ৮ম মিনিটে দুর্দান্ত এক শটে সিটির জালে বল পাঠান এই সেনেগালিজ মিডফিল্ডার।
এরপর প্রথমার্ধেই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল গার্দিওলার শিষ্যরাও। কিন্তু রহিম স্টার্লিংয়ের হেড লাগে পিএসজির বারে। গোলের একেবারে সহজ সুযোগ মিস করেন বার্নার্দো সিলভা।
পিএসজির গোলপোস্ট লক্ষ্য করে সাতটি শট নেয় ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। কিন্তু পিএসজির গোলপোস্টের নিচে দাঁড়ানো চ্যাম্পিয়নস লিগে অভিষিক্ত গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মাকে পরাস্ত করতে পারেনি সিটিজেনরা।
গ্রুপের আরেক ম্যাচে জার্মান ক্লাব লাইপজিগকে তাদেরই মাঠে ২-১ ব্যবধানে হারিয়েছে ক্লাব ব্রুগে। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বেলজিয়ান ক্লাবটি। সমান ম্যাচে পয়েন্টের খাতা খুলতে না পারা লাইপজিগ আছে সবার শেষে।
