ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন, তিনি মার্কো ভেরাত্তির ‘প্রেমে পড়েছেন’। পিএসজির ইতালিয়ান মিডফিল্ডারের প্রেমে পড়ারই কথা।
মঙ্গলবার রাতে সিটিজেনদের বিপক্ষে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে চ্যাম্পিয়নস লিগে ২-০ গোলে জিতেছে পিএসজি। ম্যাচটিতে মাঝমাঠে দুর্দান্ত ছিলেন ভেরাত্তি।
ইদ্রিসা গানা ও লিওনেল মেসির গোলে ফরাসি জায়ান্টরা জিতলেও ভেরাত্তিকে আলাদাভাবে প্রশংসা করেছেন গার্দিওলা, ‘আমি তার প্রেমে পড়েছি। সে অসাধারণ। এমনকি চাপের মধ্যেও, মাঠে সে পাস দেওয়ার জন্য সতীর্থকে খুঁজে নিয়েছে। মাঝমাঠ সে মুক্ত রেখেছে।’
তিনি আরও বলেন, ‘লং পাস দেয় এমন খেলোয়াড় সে নয়। তবে ম্যাচ গড়ে দিতে আপনাকে তাকে গোনায় রাখতে হবে। দ্বিতীয়ার্ধে আমরা থাকে নিয়ন্ত্রণ করতে পেরেছি। তবে প্রথমার্ধে সে সত্যিই অসাধারণ ছিল।’
