উদ্ধার অভিযান সামনে রেখে অন্তত আড়াই হাজার সেনাসদস্য আফগানিস্তানে রাখার পরামর্শ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ জেনারেল। গত মঙ্গলবার কংগ্রেসে দেওয়া সাক্ষ্যে জেনারেল মার্ক মিলি এবং ফ্রাঙ্ক এমন তথ্য জানান। তবে তাদের এ বক্তব্য প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। কারণ, বাইডেন বলেছেন এ ধরনের পরামর্শ তাকে কেউ দিয়েছেন কিনা তা তিনি মনে করতে পারছেন না।
মিলি বলেছেন, আফগান সরকারের দ্রুত পতন দেখে যুক্তরাষ্ট্রও হতবাক হয়ে যায়। সিনেটের আর্মড সার্ভিস কমিটি যুক্তরাষ্ট্রের এই দুই শীর্ষ জেনারেল এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে আফগানিস্তানের উদ্ধার অভিযান নিয়ে বিভিন্ন প্রশ্ন করে।
রিপাবলিকান সিনেটরদের প্রশ্নে উদ্ধার অভিযানের পর্যবেক্ষণকারী ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল ফ্রাঙ্ক বলেন, আমি আফগানিস্তানে আড়াই হাজার সেনা রাখার পরামর্শ দিয়েছিলাম। যদিও তার এ বক্তব্য প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক, কারণ এর আগে গত ১৯ আগস্ট এবিসির এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এ ধরনের কোনো পরামর্শ কেউ তাকে দিয়েছিল কিনা তা মনে নেই তার।
জেনারেল মার্ক মিলি জানান, তিনি ওই সুপারিশের সঙ্গে একমত ছিলেন। কিন্তু আলাস্কার রিপাবলিকান ড্যান সুলিভান যখন জানতে চান প্রেসিডেন্ট বাইডেনের মন্তব্য মিথ্যা কিনা তখন সরাসরি কোনো উত্তর দিতে অস্বীকৃতি জানান তিনি। হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি বলেন, প্রসিডেন্ট যৌথ ও সামরিক বাহিনীর প্রধানদের পরামর্শের গুরুত্ব দেন কিন্তু তার মানে এই নয় যে তিনি সব সময় তাদের সঙ্গে একমত হবেন।
