করোনার প্রকোপ কমলেও দেশে ডেঙ্গুর প্রকোপ ধীরে ধীরে বাড়ছে। আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২১৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৮ হাজার সাত জন। আর মারা গেছেন ৬৭ জন।
গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পরিচালক ডা. মো. কামরুল কিবরিয়া ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানান।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২১৭ জন। এর মধ্যে ঢাকাতে ১৭৪ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ভর্তি হয়েছেন ৪৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ৯৮৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে ৭৭৬ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ২০৭ জন রোগী ভর্তি রয়েছেন। এ বছর ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৮ হাজার সাত জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৯৫৭ জন।
