পরীমণির রিমান্ড

বিচারকদের ফের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ০১:৫৬ এএম

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আলোচিত চলচ্চিত্র নায়িকা পরীমণিকে দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ডে পাঠানোর বিষয়ে সংশ্লিষ্ট দুই বিচারিক হাকিমকে ফের ব্যাখ্যা দিতে বলেছে হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেয়। পরীমণির রিমান্ড মঞ্জুর করা দুই হাকিম দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলামকে আগামী ২৪ অক্টোবরের মধ্যে ব্যাখ্যা দিতে ওই দিন পরবর্তী শুনানির জন্য ধার্য করেছে আদালত। দুই বিচারকের পক্ষে গতকাল শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও তাদের পক্ষে নিযুক্ত আইনজীবী আব্দুল আলিম মিয়া জুয়েল। অন্যদিকে আসকের (আইন ও সালিশ কেন্দ্র) পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু ইয়াহিয়া দুলাল ও সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।

পরীমণির বিরুদ্ধে বনানী থানার মাদকের মামলায় তাকে দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেছিলেন ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস। একই মামলায় পরীমণিকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় আরও এক দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম। কী কী তথ্য-উপাত্তের ভিত্তিতে পরীমণিকে জিজ্ঞাসাবাদের জন্য শেষ দুই দফা রিমান্ড মঞ্জুর করেছিলেন- এর ব্যাখ্যা দিতে দুই বিচারকের উদ্দেশ্যে গত ২ সেপ্টেম্বর একটি আদেশ দেয়  হাইকোর্ট। একই সঙ্গে তদন্ত কর্মকর্তা গোলাম মোস্তফাকে মামলার নথিসহ ১৫ সেপ্টেম্বর হাজির হতে তলব করে হাইকোর্ট। এরই ধারাবাহিকতায় দুই বিচারিক হাকিম হাইকোর্টে তাদের লিখিত ব্যাখ্যা দেন। তদন্ত কর্মকর্তাও হাজির হয়ে ব্যাখ্যা দেন। দুই বিচারক যে ব্যাখ্যা দেন সেটি শুনানির জন্য আসে গত ১৫ সেপ্টেম্বর। তবে লিখিত ব্যাখ্যা পর্যবেক্ষণ করে অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট বলে, ‘রিমান্ড নিয়ে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের যে গাইডলাইন এবং প্রচলিত যে আইন তারা (দুই বিচারক) এগুলোর বিরুদ্ধে।’ এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২৯ সেপ্টেম্বর (গতকাল) দিন নির্ধারণ করে হাইকোর্ট।

গত ৪ আগস্ট বিকেলে রাজধানীর বনানীর ১২ নম্বর সড়কে পরীমণির বাসায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা। কয়েক ঘণ্টার অভিযান শেষে বাসাটি থেকে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ ও মদের বোতলসহ অন্যান্য মাদক জব্দ করার কথা জানান র‌্যাব কর্মকর্তারা। এ ঘটনায় বনানী থানায় করা মামলায় পরদিন ৫ আগস্ট আদালতের মাধ্যমে পরীমণিকে প্রথমে চারদিন এবং ১০ আগস্ট আবারও দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ। একই মামলায় গত ১৯ আগস্ট পরীমণির এক দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। মুখ্য মহানগর হাকিম আদালতে পরীমণির জামিনের আবেদন নাকচ হওয়ার পর গত ২২ আগস্ট জামিনের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আবেদন করেন তার আইনজীবীরা। আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন নির্ধারণ করে। বিলম্বে জামিন শুনানি চ্যালেঞ্জ করলে গত ২৬ আগস্ট পরীমণির দ্রুত জামিন শুনানি প্রশ্নে হাইকোর্ট রুল জারি করে। এরই ধারাবাহিকতায় গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালত পরীমণিকে জামিনের আদেশ দিলে পরদিন কারাগার থেকে মুক্তি পান এই চলচ্চিত্র নায়িকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত