ছয় মাসের মধ্যে শনাক্ত হার সর্বনিম্ন

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ০২:১৪ এএম

দেশে গত ছয় মাসের মধ্যে করোনাভাইরাসে নতুন রোগী শনাক্ত হার সর্বনিম্নে নেমেছে। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ছিল ৪ দশমিক ১২ শতাংশ ও তার আগের দিন ছিল ৪ দশমিক ৪৯ শতাংশ। এর

আগে সর্বশেষ ২৯ ফেব্রুয়ারি এক দিনে শনাক্ত হয়েছিল ৩ দশমিক ৩০ শতাংশ। এর পরের দিন ১ মার্চ ৪ দশমিক ৩১ শতাংশ। এর পরে শনাক্তের হার ৪ শতাংশের নিচে নামেনি।

গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২১ মার্চের পর সবচেয়ে কম ১৬ জনের মৃত্যু হয়েছিল। এরপর ২৬ মে ১৭ জনের মৃত্যু হয়েছিল, তবে তার নিচে আর নামেনি; যা চার মাসের মধ্যে সর্বনিম্ন ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সারা দেশে করোনার সংক্রমণ এখন নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় মৃত্যু, নতুন রোগী ও শনাক্ত হার কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশের ৫৪ জেলায় করোনায় কেউ মারা যাননি। এমনকি আট জেলায় নতুন করে রোগী শনাক্ত হয়নি। তবে দেশে অন্যান্য জেলার তুলনায় এখনো ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় সংক্রমণ ও মৃত্যু বেশি। গত ২৪ ঘণ্টায় এ জেলায় মারা গেছে ৬ জন এবং নতুন রোগী শনাক্ত হয়েছে ৭৫৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের করোনার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, নতুন শনাক্তদের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ও রংপুরে কম। তবে অন্যান্য জেলার মতো ঢাকায়ও সংক্রমণ নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের মধ্যে বেশি রোগী শনাক্ত হয়েছে রাজধানীসহ ঢাকা জেলায় ৮৬৫ জন। এরপর আক্রান্ত রোগীর সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে চট্টগ্রাম বিভাগ। এ বিভাগে রোগী শনাক্ত হয়েছে ১০৬ জন। এছাড়া খুলনা বিভাগে ৪২, রাজশাহীতে ৬২, বরিশালে ১৮, ময়মনসিংহে ১৭ ও সিলেট বিভাগে ২০ জন। এ সময় সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে রংপুর বিভাগে ১৪ জন।

৪ বিভাগে মৃত্যু নেই : দেশের আট বিভাগের মধ্যে ঢাকা বিভাগে মৃত্যু বেশি। এমনকি চার বিভাগে কোনো মৃত্যু নেই। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১২ জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে তিনজন। এছাড়া রাজশাহী ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে। তবে বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে কোনো মৃত্যু হয়নি।

এদিকে এক দিনের ব্যবধানে গতকাল দেশে নতুন রোগী, শনাক্তের হার ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয় আরও ১ হাজার ১৭৮ জন। এ নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৫৫ হাজার ৫১ ও মারা গেল ২৭ হাজার ৪৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১০ ও নারী ৭ জন। এ নিয়ে করোনায় পুরুষ মারা গেল ১৭ হাজার ৬৪৫ জন; যা মোট মৃত্যুর ৬৪ দশমিক ১৯ শতাংশ। আর নারী মারা গেছে ৯ হাজার ৮৪২ জন; যা মোট মৃত্যুর ৩৫ দশমিক ৮১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এক, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এক, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চার, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ছয়, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চার ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত