‘সানেম’-এর প্রতিবেদন

গ্রামের ৫৮ শতাংশ নারীর মোবাইল ফোন নেই

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ০২:১৫ এএম

শহরের নারীরা প্রযুক্তি ব্যবহারে কিছুটা এগিয়ে থাকলেও পিছিয়ে রয়েছেন গ্রামে বসবাসকারীরা। গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) এক প্রতিবেদন বলছে, শহরের ৪৩ এবং গ্রামের ৫৮ শতাংশ নারীর নিজস্ব মোবাইল ফোন নেই। তা ছাড়া দেশের ৯৬ শতাংশ নারী কখনো কম্পিউটার ব্যবহার করেননি। গত মঙ্গলবার সানেম ও বাংলাদেশ মহিলা পরিষদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ওয়েবিনারে ‘বাংলাদেশের জেন্ডার সংবেদনশীল বাজেটবিষয়ক বিশ্লেষণ ও মূল্যায়ন’ শীর্ষক এ প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।

প্রতিবেদনে বলা হয়, কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে শহুরে নারীরা সামান্য এগিয়ে থাকলেও অবস্থা তেমন ভালো নয়। তাদের কেবল ১৩ শতাংশ কম্পিউটার ব্যবহার করেছেন। নারীদের মধ্যে ইন্টারনেট ব্যবহারের হারও অত্যন্ত কম। দেশে ৮৫ শতাংশ নারী কখনো ইন্টারনেট ব্যবহার করেননি। কেবল গ্রামীণ নারীদের কথা বলা হলে পরিমাণটা ৮৭ শতাংশ। আর শহুরে নারীদের বেলায় সেটা ৭৭ শতাংশ। যদিও পরিসংখ্যানটিতে কেবল তরুণীদের কথা বলা হয়েছে।

অথচ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাবে, গত জুলাইয়ের শেষে দেশে নারী-পুরুষ মিলিয়ে মোট মোবাইল ইন্টারনেটের ব্যবহারকারীর সংখ্যা ১১ কোটি ৩৬ লাখ ৯০ হাজার। একই হিসাবে দেশের ব্রডব্যান্ডের গ্রাহক সংখ্যা ১ কোটির কিছু বেশি।

বাংলাদেশ মহিলা পরিষদের প্রেসিডেন্ট ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে ওয়েবিনারটি সঞ্চালনা করেন সানেমের জ্যেষ্ঠ গবেষণা সহযোগী ইশরাত শারমিন। স্বাগত বক্তব্য দেন সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান। প্রতিবেদন তৈরির গবেষক দলে ছিলেন সায়মা হক বিদিশা, ইশরাত শারমিন, ওমর রাদ চৌধুরী, সৈয়দা তাসফিয়া তাসনিম, শাফা তাসনিম, হালিমা বিনতে ইসলাম ও নাইম রহমান খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত