এমসিসির দায়িত্ব নিলেন কনোর

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১১:৩৪ পিএম

বিরলের চেয়েও বিরলতম ঘটনা। ২৩৪ বছরের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট পেয়েছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি (মেরিলিবোন ক্রিকেট ক্লাব)। প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট হয়ে ইতিহাস গড়েছেন ক্লেয়ার কনোর।

এমসিসির প্রেসিডেন্ট হিসেবে গতকালই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন কনোর। তিনি এমসিসির বিদায়ী প্রেসিডেন্ট কুমার সাঙ্গাকারার কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন। দায়িত্ব নিয়ে কনোর বলেছেন, ‘ড্রেসিংরুম ও বোর্ডরুমের অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করব, যাতে আগামী ১২ মাস ক্লাবের নেতৃত্বে থাকা ব্যক্তি ও কমিটিকে সহায়তা করতে পারি। এমসিসির এ দলের অংশ হওয়ার জন্য মুখিয়ে আছি আমি।’ সাঙ্গাকারার কাছ থেকে অবৈতনিক এমসিসি প্রেসিডেন্ট পদের দায়িত্ব নেওয়ার আগে কনোর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের নারী ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক পদে কাজ করেছেন। এ ছাড়া ২০১১ সাল থেকে আইসিসির নারী ক্রিকেট কমিটির প্রধান হিসেবেও কাজ করেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত