ধামাকার সিইওসহ দুজন রিমান্ডে ১ জন কারাগারে

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ০১:৫৪ এএম

টাকা নিয়ে পণ্য সরবরাহ না করার অভিযোগে প্রতারণা মামলায় র‌্যাব-১-এর হাতে গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সিরাজুল ইসলাম রানা ও সিস্টেম ক্যাটাগরি হেড ইমতিয়াজ হাসান সবুজের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছে গাজীপুর মুখ্য মহানগর আদালত। গ্রেপ্তার ভাইস প্রেসিডেন্ট ইব্রাহিম স্বপন ওরফে মিথুন খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গত বৃহস্পতিবার বিকেলে হাকিম মো. ইকবাল হোসেন এ আদেশ দেন।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম জানান, গত ২৩ সেপ্টেম্বর টঙ্গীর এক ব্যবসায়ী বাদী হয়ে প্রতারণার অভিযোগে ধামাকার চেয়ারম্যান ও পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে জিএমপি টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে র‌্যাব। বুধবার বিকেলে গ্রেপ্তারদের টঙ্গী থানায় হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতে তুলে পুলিশ সাত দিনের রিমান্ড চাইলে, আদালত দুদিন করে রিমান্ডের আদেশ দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত