জার্মানি থেকে প্রায় ৮ লাখ টিকা আসছে আজ

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ০২:০৭ এএম

জার্মানি থেকে অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৯০ হাজার ডোজ করোনার টিকা দেশে আসবে আজ শনিবার। বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনার এসব টিকা পৌঁছানোর কথা রয়েছে। গতকাল শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, জার্মানি থেকে আসা অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়াসহ স্বাস্থ্য অধিদপ্তররে অন্যান্য কর্মকর্তা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ পর্যন্ত দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড এসেছে ১ কোটি ৩৫ লাখ ২৯ হাজার ২০০ ডোজ। গত বৃহস্পতিবার পর্যন্ত এ টিকা প্রয়োগ করা হয়েছে ১ কোটি ২৯ লাখ ৫৫ হাজার ৭০ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ৭৫ লাখ ৪৫ হাজার ৮৫৩ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৫৪ লাখ ৯ হাজার ২১৭ জন।

গত বৃহস্পতিবার পর্যন্ত দেশে প্রথম ডোজ টিকা নিয়েছেন ৩ কোটি ৩৩ লাখ ২৫ হাজার ৭ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৬৯ লাখ ২০ হাজার ২৪৮ জন। এ নিয়ে মোট ৫ কোটি ২ লাখ ৪৫ হাজার ২৫৫ ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ করা হয়েছে ১ কোটি ২৯ লাখ ৫৫ হাজার ৭০ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ করা হয়েছে ১ লাখ ৯০ হাজার ৯৫৫ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ করা হয়েছে ৩ কোটি ১৯ লাখ ৯৮ হাজার ৪১৯ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ করা হয়েছে ৫১ লাখ ৮১১ ডোজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত