টাঙ্গাইলের মির্জাপুরে এক কিশোরীকে ধর্ষণের পর হত্য করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মির্জাপুর থানা পুলিশ গতকাল শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার গোড়াই পালপাড়া থেকে কিশোরীর লাশ উদ্ধার করেছে। গতকাল সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই কিশোরীর নাম পরিচয় জানা যায়নি। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশ জানায়, গোড়াই পালপাড়াতে নুর মোহাম্মদ নামে এক ব্যক্তি জমিতে প্লট তৈরি করে রেখেছেন বিক্রির জন্য। শনিবার সকালে সেই জমিতে স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। ওই কিশোরীর কোনো পরিচয় পাওয়া যায়নি। লাশের গায়ে আঘাতের অনেক চিহ্ন রয়েছে। গায়ে গরম পানি ঢেলে দেওয়ার প্রমাণ রয়েছে। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফ উদ্দিন, সহকারী পুলিশ সুপার মির্জাপুর সার্কেল এস এম মুসা, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন বলেন, উদ্ধারকৃত লাশের সুরতহাল করা হয়েছে। তাকে পাশবিক নির্যাতন ও ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
