রপ্তানি ডকুমেন্ট বিদেশি ক্রেতার কাছে কিংবা তাদের মনোনীত প্রতিনিধির কাছে সুরক্ষিত চ্যানেলের মাধ্যমে সরাসরি পাঠাতে পারবে রপ্তানিকারক। এতে রপ্তানি প্রক্রিয়া সহজ হবে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। গতকাল রবিবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বর্তমান ব্যবস্থায় পণ্য জাহাজীকরণের ১৪ দিনের মধ্যে রপ্তানি ডকুমেন্ট ব্যাংকিং চ্যানেলে বিদেশে পাঠানোর বিধান রয়েছে। পরিবর্তিত বিধান অনুযায়ী কয়েকটি শর্ত পূরণ করে রপ্তানিকারক সরাসরি রপ্তানি ডকুমেন্ট বিদেশে প্রেরণ করতে পারবে। শর্তগুলোর মধ্যে মূল পরিবহন দলিল এডি ব্যাংকের কাছে সংরক্ষিত থাকার কথা বলা হয়েছে। সার্কুলারে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট পণ্যের রপ্তানি আয় দেশে আসার পর ওই মূল পরিবহন দলিল এনডোর্স করা যাবে।
জানা গেছে, বিদেশি ক্রেতার চাহিদা অনুযায়ী রপ্তানি ডকুমেন্ট ব্যাংকিং চ্যানেলে বিদেশে প্রেরণের রেওয়াজ উঠে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় বর্তমান ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়া হয়েছে।
ঘোষিত নীতিমালার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বৈদেশিক লেনদেন ব্যবস্থা প্রতিনিয়ত সময়োপযোগী করা হচ্ছে। রপ্তানি বিষয়ে নতুন নির্দেশনা অনুসারে বিদেশি ক্রেতার শর্তানুযায়ী রপ্তানি ডকুমেন্ট রপ্তানিকারক নিজেই বিদেশে প্রেরণ করতে পারবে। এডি ব্যাংক রপ্তানি আয় প্রাপ্তির পর মূল পরিবহন দলিল সংশ্লিষ্ট পক্ষের নামে এনডোর্স করবে।
